কাল পদযাত্রায় রেকর্ড জমায়েত করে গোষ্ঠীকোন্দলে প্রলেপ দিতে চায় পদ্ম
  • ৪ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, আসানসোল: হাওড়া, কলকাতায় সাফ করার পরই শিলিগুড়িতে ঢুকে পড়ব। মঙ্গলবার শিলিগুড়িতে গণতন্ত্র বাঁচাও, অরাজকতা হটাও কর্মসূচিতে ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিজেপির এই মেগা কর্মসূচি দুর্গাপুরে হতে চলেছে আগামীকাল, বৃহস্পতিবার। শিলিগুড়ির মতো দুর্গাপুরেও পুর ভোট আসন্ন। ওয়ার্ড পুনর্বিন্যাসের খসড়া প্রকাশ হয়ে গিয়েছে। এদিনের কর্মসূচি থেকে বিজেপি নেতৃত্ব যে পুর ভোটেরও দামামা বাজাবে তা বলার অপেক্ষা রাখে না। তার আগে দুর্গাপুরের বিজেপির কোন্দল যে পর্যায়ে নেমেছে, এই কর্মসূচিতে রেকর্ড জমায়েত করে তাতেই মলম দিতে মরিয়া বিজেপির শীর্ষ নেতৃত্ব। 

Advertisement

বিজেপির শীর্ষ নেতৃত্ব এসে দফায় দফায় মিটিং করছেন কর্মসূচিকে সফল করতে। বিরোধীদের রামলীলা কর্মসূচির পাল্টা বিজেপি গুরুত্বপূর্ণ শহরগুলিতে এই র‌্যালি করছে। রাজ্যের পশ্চিমাঞ্চলের জেলাগুলির মধ্যে একমাত্র দুর্গাপুরেই এই কর্মসূচি নেওয়া হয়েছে। যেখানে পাশ্ববর্তী জেলাগুলি থেকেও বিজেপি কর্মী সমর্থকরা সেখানে ভিড় করবেন। এখনও পর্যন্ত যা ঠিক রয়েছে কর্মসূচিতে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর, সুকান্ত মজুমদার, রাজ্য সাধারণ সম্পাদক লকেট চট্টোপাধ্যায়। এছাড়াও জেলার দুই মন্ত্রী অগ্নিমিত্রা পাল, অজয় পোদ্দার সহ ৪৯ জন এই অঞ্চলের বিধায়কদের উপস্থিত থাকার কথা রয়েছে। থাকবেন দুই এমপি সৌমিত্র খাঁ ও জ্যোতির্ময় সিং মাহাতো। 
এই হেভিওয়েট নেতা বিধায়দের পাশাপাশি বিজেপির টার্গেট দুর্গাপুরের বুকে ৫০ হাজার মানুষের মিছিল করিয়ে র‌্যালিকে ঐতিহাসিক করতে। জানা গিয়েছে, বৃহস্পতিবার দুপুর দু’টো থেকে মিছিল শুরু হবে। মিছিল শুরু হবে দুর্গাপুরের ভিড়িঙ্গি মোড় থেকে। বেনাচিতি বাজারের সাড়ে তিন কিলোমিটার রাস্তা পায়ে হেঁটে মিছিল শেষ হবে বেনাচিতি পাঁচ মাথা মোড়ে। আসানসোল সাংগঠনিক জেলার অন্তর্গত নয় দুর্গাপুর। তা সত্ত্বেও আসানসোল সাংগঠনিক জেলা থেকে রেকর্ড সংখ্যাক লোক নিয়ে যাওয়ার চেষ্টা হচ্ছে। সোশ্যাল মিডিয়াজুড়ে কর্মসূচি সফল করতে ব্যাপক প্রচার চালানো হচ্ছে। সাধারণ মানুষকেও র‌্যালিতে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে। 
যদিও এই রেকর্ড জমায়েতের দিন সামনে থাকলেও দুর্গাপুরে বিজেপি নিজেদের কোন্দল কীভাবে ঢাকবে তার রাস্তা খুজে পাচ্ছে না। এক বিধায়কের সঙ্গে যুবনেতার দ্বন্দ্ব বার বার প্রকাশ্যে আসছে। অন্য এক বিধায়কের সঙ্গে বিজেপির প্রাক্তন মণ্ডল সভাপতির দ্বন্দ্ব দিল্লি পর্যন্ত পৌঁছে গিয়েছে। শিল্পাঞ্চলের কারখানায় চাকরি দেওয়া নিয়ে গেরুয়া শিবিরের অন্দরে প্রবল দড়ি টানাটানি চলছে। সোমবার ডিএসপিতে যা প্রকাশ্যে আসে। বিএমএসের কর্মীদের মারধর করার অভিযোগ উঠেছে বিজেপি কর্মীদের বিরুদ্ধে। যদিও এই ঘটনায় থানায় কোনো লিখিত অভিযোগ হয়নি। ঐতিহাসিক র‌্যালি করে গোষ্ঠীদ্বন্দ্বের গোলাকধাঁধা থেকে বেরতে চাইছে রাজ্যের শাসকদল।
অন্যদিকে দিল্লিতে রাহুল গান্ধীর ডাকে বিরোধীদের র‌্যালি নিয়ে ব্যবসায়ীদের ক্ষতিকে সামনে এনেছিল বিজেপি। বিজেপি প্রশ্ন তুলেছিল, র‌্যালির জন্য দোকানপাটে বিক্রিবাটায় যে ক্ষতি হয়েছে তার ক্ষতিপূরণ কি রাহুল গান্ধী দেবেন। রাহুল পাল্টা যুক্তি দিয়েছিলেন, দেশের নানা প্রান্ত থেকে মানুষ দিল্লি এসে দোকানে কেনাকাটা করবেন। এবার বিজেপি বিরোধীরা প্রশ্ন তুলছে, দুর্গাপুরের সবচেয়ে বড় বাজার বেনাচিতির উপর দিয়ে কেন কালীপুজোর আগে র‌্যালি করছে বিজেপি। 
বিজেপির দুর্গাপুরের মুখপাত্র সুমন্ত মণ্ডল বলেন, আমার র‌্যালি করছি দুপুরে। ভিন জেলা থেকে যে সব মানুষ আসবে তারা তো দোকানে কেনাকাটাও করবে। তিনি বলেন, ৫০ হাজার লোক জমায়েত করার চেষ্টা রয়েছে।