Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

বাজারে মিলছে পদ্মার ইলিশ, কিনতে হুড়োহুড়ি, দাম কত?

পুজোর মুখে জলপাইগুড়ির বাজারে মিলছে পদ্মার ইলিশ! দীর্ঘদিন পর ওপার বাংলার ইলিশের দেখা পেয়ে তা কিনতে ক্রেতাদের মধ্যে কার্যত হুড়োহুড়ি পড়ে গিয়েছে।

বাজারে মিলছে পদ্মার ইলিশ, কিনতে হুড়োহুড়ি, দাম কত?
  • ২৪ সেপ্টেম্বর, ২০২৫ ১২:০৯
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: পুজোর মুখে জলপাইগুড়ির বাজারে মিলছে পদ্মার ইলিশ! দীর্ঘদিন পর ওপার বাংলার ইলিশের দেখা পেয়ে তা কিনতে ক্রেতাদের মধ্যে কার্যত হুড়োহুড়ি পড়ে গিয়েছে। 

Advertisement

বাংলাদেশের ইলিশের দাম বেশ ভালোই। জলপাইগুড়ি শহরের দিনবাজার, স্টেশন বাজার সহ বিভিন্ন মার্কেটে এক কেজি থেকে এক কেজি ২৫০ গ্রাম ওজনের ওপার বাংলার ইলিশ বিকোচ্ছে ২ হাজার টাকা থেকে ২২০০ টাকা কেজি দরে। তবে বাংলাদেশের ইলিশের পাশাপাশি বাজারে রয়েছে মায়ানমারের ইলিশও। সঙ্গে রয়েছে ডায়মন্ডহারবার ও দীঘার ইলিশও। 
কিছুদিন আগে মুম্বাইয়ের ইলিশে ছেয়ে গিয়েছিল জলপাইগুড়ি সহ উত্তরবঙ্গের বাজারে। আড়তদাররা বলছেন, বাংলাদেশের ইলিশ আসার পরই চাঙ্গা হয়েছে বাজার। যদিও ক্রেতাদের অভিযোগ, অসাধু ব্যবসায়ীদের অনেকে মায়ানমারের ইলিশকেও বাংলাদেশের বলে বিক্রির চেষ্টা চালাচ্ছেন। ফলে ইলিশ না চিনলে দাম দিয়ে কেনার পর ঠকে যাওয়ার আশঙ্কা থাকছে।
জলপাইগুড়ি দিনবাজারে পাইকারি মাছবাজারের আড়তদার শ্যাম সোনকার বলেন, ‘বাংলাদেশের ইলিশ ঢুকেছে। পুজোর মুখে ওপার বাংলার সুস্বাদু ইলিশ ক্রেতাদের হাতে তুলে দিতে পেরে আমরা খুশি। বাংলাদেশের ইলিশের সাইজ এক কেজি থেকে এক কেজি ২৫০ গ্রামের হচ্ছে। দাম ২ হাজার থেকে ২২০০ টাকার মধ্যে।’ দিনবাজার ফিশ মার্কেটের আরএক আড়তদার অশোক শা বলেন, ‘কেউ কেউ মায়ানমারের ইলিশকে বাংলাদেশের বলে বিক্রির চেষ্টা চালাচ্ছেন। আমরা তাঁদের সতর্ক করেছি। ক্রেতাদেরও বলছি, ইলিশ কেনার সময় ভালোভাবে যাচাই করে নেবেন।’
পদ্মার ইলিশ বাজারে আসতেই কিছুটা কি ফিকে বোরোলির কদর? মাছ বিক্রেতারা অবশ্য তা মানতে নারাজ। তাঁদের বক্তব্য, জলপাইগুড়ির বাসিন্দারা সারাবছরই কার্যত বোরোলি খেয়ে থাকেন। ফলে তাঁরা এখন পদ্মার ইলিশের দিকে ঝুঁকলেও ডুয়ার্সের হোটেল, রিসর্টগুলিতে বোরোলির দারুণ চাহিদা। পর্যটকদের পাতে তিস্তার রূপালি শস্য তুলে দিতে চেষ্টার কসুর করছেন না হোটেল ব্যবসায়ীরা।

Advertisement
সম্পর্কিত সংবাদ