নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: ২০২৪-২৫ অর্থবর্ষে আমন ধান উৎপাদন বাড়ল দক্ষিণ ২৪ পরগনা জেলায়। গত বছর পুজোর ঠিক আগে ঘূর্ণিঝড় ডানা আছড়ে পড়েছিল দক্ষিণ ২৪ পরগনা জেলার বিস্তীর্ণ এলাকায়। তখন বেশিরভাগ খেতে ধান পেকে গিয়েছিল। কিন্তু দুর্যোগ তেমন বড় ধরনের ক্ষয়ক্ষতি ঘটাতে পারেনি। তাই ধান উৎপাদনেও প্রভাব পড়েনি। বিভিন্ন ব্লক থেকে আসা তথ্য হিসেব করে জেলা কৃষি বিভাগ জানিয়েছে, চলতি অর্থবর্ষে ৩ লক্ষ ৩০ হাজার হেক্টর জমিতে ১৩ লক্ষ ৩৩ হাজার টনের বেশি ধান উৎপাদন হয়েছে। ২০২৩-২৪ সালে সেটা ছিল ১৩ লক্ষ ২৩ হাজার টনের সামান্য বেশি। অর্থাৎ এবারে প্রায় ১০ হাজার টন বেশি ধান হয়েছে জেলায়। এছাড়াও গত বছর পর্যাপ্ত পরিমাণ বৃষ্টিপাত পেয়েছে দক্ষিণ ২৪ পরগনার বিভিন্ন এলাকা। তার জন্যও ধান ভালো হয়েছে বলেই অভিমত আধিকারিকদের। সাধারণত ক্যানিং, কাকদ্বীপ এবং ডায়মন্ডহারবার মহকুমাতেই ধান উৎপাদন সবচেয়ে বেশি হয়। এবারও তার কোন ব্যতিক্রম হয়নি। আধিকারিকদের আশা, ২০২৫-২৬ সালে প্রাকৃতিক দুর্যোগ সেভাবে যদি না হয় তাহলে, এবারের থেকেও ভালো ধান চাষ হতে পারে।



