ফের করণ জোহরের ধর্মা প্রযোজনা সংস্থার হাত ধরছেন অভিনেতা লক্ষ্য। ধর্মার ‘কিল’ ছবির হাত ধরে তাঁর বলিউড জার্নি শুরু হয়। তারপর ধর্মার অধীনে অনন্যা পান্ডের সঙ্গে ‘চাঁদ মেরা দিল’ ছবিতে জুটি বাঁধছেন তিনি। এবার শোনা যাচ্ছে, আরও একটি অ্যাকশন থ্রিলার ছবির নায়ক হচ্ছেন তিনি। অর্থাৎ করণের প্রযোজনা সংস্থায় হ্যাট্রিক করতে চলেছেন নায়ক। সবকিছু ঠিক থাকলে ‘চাঁদ...’ ছবির শ্যুটিং শেষ হলে ২০২৫ সালের গ্রীষ্মে শুরু হবে এই অ্যাকশন ছবির শ্যুটিং। ‘কিল’ অ্যাকশনপ্রেমীদের যে আনন্দ দিয়েছিল, এই ছবিও তেমনই চমক দেবে বলে আশা নির্মাতাদের। এখনও ছবির নাম চূড়ান্ত হয়নি। চলছে চিত্রনাট্যের কাজ। প্রাক প্রযোজনা পর্বের কাজ শেষ হলে জানা যাবে ছবিটি পরিচালনা কে করবেন। পাশাপাশি লক্ষ্যর বিপরীতে কে থাকছেন, তাও জানানো হয়নি।



