সংবাদদাতা, মেদিনীপুর: অ্যাডমিট কার্ড না আসায় খড়্গপুরের গোকুলপুর বিধানচন্দ্র হাইস্কুলের চার মাধ্যমিক পরীক্ষার্থী বিপাকে পড়েছে। ফলে তাদের পরীক্ষা দেওয়া নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। স্কুল কর্তৃপক্ষ অবশ্য মধ্যশিক্ষা পর্ষদকে বিষয়টি জানিয়েছেন। জানা গিয়েছে, স্কুলের ২৯৩জন পরীক্ষার্থীর এনরোলমেন্ট হয়েছিল। ইতিমধ্যেই তাদের অ্যাডমিট কার্ড এসে গিয়েছে। ওই চারজন পরীক্ষার্থীর দাবি, তারা টাকা জমা দিয়েছে। কিন্তু স্কুলে এসে তারা জানতে পারে যে তাদের অ্যাডমিট কার্ড আসেনি। তৎক্ষণাৎ তারা বিষয়টি স্কুল কর্তৃপক্ষকে জানায়। বৃহস্পতিবার পর্যন্ত সমস্যার কোনও সমাধান হয়নি।
Advertisement
প্রধান শিক্ষক দুর্গাপ্রসাদ ভৌমিক বলেন, স্কুলের অফিসের সঙ্গে ওই পরীক্ষার্থীদের যোগাযোগে ঘাটতি থেকে গিয়েছে। তাই এই সমস্যা দেখা দিয়েছে। দেখা যাচ্ছে, ২৯৩জন পরীক্ষার্থী অনলাইনে ফর্ম ফিল-আপ করেছে। কিন্তু ওই চারজনের ফর্ম ফিল-আপ হয়নি। আমি ওই ছাত্রদের সঙ্গে কথা বলেছি। ওরা বলছে, স্কুলের ক্লার্ককে টাকা ও রেজিস্ট্রেশনের জেরক্স জমা দিয়েছে। ওদের কাছে টাকা জমা দেওয়ার রসিদও আছে। কিন্তু ক্লার্ক বলছে, ওরা রেজিস্ট্রেশনের জেরক্স জমা দেয়নি। আবার ওগুলো কোনওভাবে মিসিং হয়ে যেতে পারে। ফলে ওদের অনলাইনে ফর্ম ফিল-আপ হয়নি। ব্যাঙ্কেও টাকা জমা পড়েনি। আমরা বিষয়টা গুরুত্ব দিয়েই দেখছি। পর্ষদের কাছে আবেদন জানানো হয়েছে।



