Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

ওভারব্রিজের কাজ সমাপ্ত, কম সময় পৌঁছনো যাবে তারকেশ্বর

প্রতি বছর শ্রাবণ মাসে হেঁটে বাবা তারকেশ্বরের মাথায় জল ঢালতে যান লক্ষাধিক পুণ্যার্থী। নালিকুলে রেলগেটের কারণে আর তাঁদের দীর্ঘক্ষণ অপেক্ষা করার প্রয়োজন পড়বে না।

ওভারব্রিজের কাজ সমাপ্ত, কম সময় পৌঁছনো যাবে তারকেশ্বর
  • ৩০ অক্টোবর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: প্রতি বছর শ্রাবণ মাসে হেঁটে বাবা তারকেশ্বরের মাথায় জল ঢালতে যান লক্ষাধিক পুণ্যার্থী। নালিকুলে রেলগেটের কারণে আর তাঁদের দীর্ঘক্ষণ অপেক্ষা করার প্রয়োজন পড়বে না। একইসঙ্গে বৈদ্যবাটি-তারকেশ্বর-চাঁপাডাঙ্গা রোড ধরে প্রতিদিন হাজার হাজার গাড়ি যাতায়াত করে। সেই সমস্ত গাড়িকেও আর দাঁড়াতে হবে না রেলগেট পড়ে থাকার জন্য। কারণ, সম্পূর্ণ হয়ে গিয়েছে হুগলির নালিকুল রোড ওভারব্রিজ বা আরওবি। সম্প্রতি, এই কাজ শেষ করেছে রাজ্য পূর্ত দপ্তর। ফলে শীঘ্রই এই আরওবি’র উদ্বোধন হতে চলেছে বলেই সূত্রের খবর। 

Advertisement

রাজ্য প্রশাসন সূত্রে খবর, মোট ৭৫৫.১৬ মিটার দৈর্ঘ্যের এই আরওবি র‍্যাম্পের অংশ হল ৬৭৮.৩১ মিটার এবং রেল লাইনের উপরের অংশ হল ৭৬.৮৫ মিটার। রেলের অংশে আরওবি’র দুধারে ১.২ মিটার চওড়া ফুটপাত রাখা হয়েছে। সূত্রের খবর, এই প্রকল্পের জন্য মোট খরচ হয়েছে ৪৪.৫৮ কোটি টাকা। যার মধ্যে রাজ্যের কোষাগার থেকে দেওয়া হয়েছে ২৭.৮৭ কোটি টাকা আর বাকি ১৬.৭১ কোটি টাকা খরচ করেছে পূর্ব রেল। 
প্রশাসন সূত্রে খবর, এই প্রকল্পের কাজ চলছিল দীর্ঘদিন ধরে। মাঝে নির্মাণ কাজ ধিমে তালে চলায়, প্রয়োজনীয় পদক্ষেপ নেয় নবান্ন। যার জেরে কাজে গতি আসে। এক আধিকারিকের কথায়, আগেই কামারকুণ্ডু স্টেশনের আরওবি’র কাজ শেষ হয়েছে। যার জেরে গুরুত্বপূর্ণ এই রাস্তা ধরে যান চলাচলে গতি এসেছে। উপকৃত হয়েছেন এলাকাবাসী। এবার নালিকুলে সাড়ে সাত মিটার চওড়া এই আরওবি তৈরি হয়ে যাওয়ায় তারকেশ্বর থেকে শুরু করে একাধিক জায়গায় আরও কম সময়ে পৌঁছনো যাবে বলেই তাঁরা জানাচ্ছেন। 
অন্যদিকে, উত্তরবঙ্গে ৩১ নম্বর জাতীয় সড়কের কালীখোলা সেতুর মেরামতির কাজও প্রায় শেষ। হড়পা বানে বিপর্যস্ত এই সেতু পুনর্নির্মাণের কাজ জোরকদমে চালাচ্ছিল পূর্তদপ্তর। আগামী ৩১ অক্টোবর এই কাজ শেষ হবে বলেই প্রশাসন সূত্রে খবর।

Advertisement
সম্পর্কিত সংবাদ