ডায়মন্ডহারবারে তৃণমূল পার্টি অফিস থেকে উদ্ধার ১ কোটিরও বেশি টাকা
  • ৫ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: তৃণমূলের পার্টি অফিস থেকে উদ্ধার হল এক কোটি টাকারও বেশি। এ নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে ডায়মন্ডহারবারে। জমি কেলেঙ্কারির অভিযোগে ডায়মন্ডহারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক ধৃত সুমিত রায়কে জেরা করেই এই বিপুল টাকার হদিশ পেয়েছে পুলিশ। উদ্ধার হওয়া টাকার অঙ্ক ১ কোটি ২ লক্ষ ৭৯ হাজার টাকা। তৃণমূলের এই পার্টি অফিসটি ডায়মন্ডহারবারের সরিষা আশ্রম মোড়ে। তৃণমূলের কোন নেতার কবজায় ছিল এই অফিস, তা খতিয়ে দেখছে পুলিশ। এ ব্যাপারে মুখ্যমন্ত্রীর কটাক্ষ, ‘এটা ‘ভাইপো’র এক ঘণ্টার রোজগার ছিল। বিপুল টাকা বিদেশি পাচার হয়েছে। বেআইনি কাজেও ব্যবহার করা হয়েছে।  সরিষার ব্যপারটা মিস ফায়ার হয়ে গিয়েছে। মানে রেখেছিল, কিন্তু ভুলে গিয়েছে।’ পাশাপাশি বিগত ছ’মাসে বিপুল রাজস্ব আদায়ের পরিসংখ্যান তুলে ধরে তিনি প্রশ্ন তোলেন, এই রাজস্ব আগে আদায় হতো না কেন? আসলে রাজ্যের রাজস্ব লুট করেই প্রাক্তন মুখ্যমন্ত্রীর ‘পরিবার’ নিজেদের ভাঁড়ার ভরাত।   

Advertisement

এদিকে, সরিষার পার্টি অফিসে টাকা উদ্ধারের ঘটনা নিয়ে ষড়যন্ত্র দেখছে মমতা তৃণমূল কংগ্রেস। আইনজীবী অর্ক নাগ জানিয়েছেন, বিজেপি নেতৃত্বের কথা মতো পুলিশ কাজ করছে। এটি একটি যৌথ পরিকল্পনা। পাশাপাশি আইনজীবীর বিস্ফোরক দাবি, সুমিত রায়কে এনকাউন্টার করা হবে বলে হুমকি দেওয়া হয়েছিল। এমনকি, তাঁর মাথায় বন্দুক পর্যন্ত ঠেকানো হয়েছিল। তাঁকে কালো মুখোশ পরিয়ে নিয়ে যাওয়া হয়েছিল। তাঁর প্রাণ সংশয়ের আশঙ্কা করছি আমরা। আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। বিজেপির কথায় যে সমস্ত পুলিশকর্মী চলছেন, তাঁদের বলব রাজধর্ম পালন করুন। যে পার্টি অফিস থেকে টাকা উদ্ধার দেখানো হয়েছে, ভাড়ায় নেওয়া সেই পার্টি অফিসটি গত ২১ মে ছেড়ে দেওয়া হয়েছে। অফিসের চাবি বাড়ির মালিকের হাতে তুলে দেওয়া হয়েছে। তারপর ওই পার্টি অফিস ভাঙচুর করেছে দুষ্কৃতীরা।
রাজ্যে পালাবদলের পর থেকেই পার্টি অফিসটি তালাবন্ধ অবস্থায় পড়ে রয়েছে। এই পার্টি অফিসে কবে টাকা এনে মজুত করা হয়েছিল, তা নিয়ে রহস্য ঘনীভূত হয়েছে। প্রসঙ্গত, বিষ্ণুপুরের কালিতলা আশুতি থানায় জমি কেনাবেচা সংক্রান্ত একটি অভিযোগ দায়ের হয়েছিল। তার তদন্তে নেমে পুলিশ সুমিতকে নিজেদের হেপাজতে নিয়ে জেরা করছে। বুধবার সাংবাদিক বৈঠক করে ডায়মন্ডহারবার পুলিশ জেলার অতিরিক্ত সুপার (জোনাল) অভিষেক মজুমদার বলেন, ধৃতকে জেরা করে মঙ্গলবার সরিষা আশ্রম মোড়ে তৃণমূলের পার্টি অফিসে অভিযান চালানো হয়। সেখান থেকেই উদ্ধার হয় বিপুল পরিমাণ টাকা।