Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

মালখানা থেকে ওভেন সহ ওজন যন্ত্র চুরি, ৩ মাস পর ধৃত অভিযুক্ত

গত বছরে কলকাতার ইবি’র মালখানা থেকে ১৪টি ওভেন এবং ৪টি ওজন মেশিন রহস্যজনকভাবে চুরির অভিযোগ ওঠে। তা নিয়ে কলকাতা পুলিশে শোরগোল পড়ে গিয়েছিল

মালখানা থেকে ওভেন সহ ওজন  যন্ত্র চুরি, ৩ মাস পর ধৃত অভিযুক্ত
  • ১১ মার্চ, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: গত বছরে কলকাতার ইবি’র মালখানা থেকে ১৪টি ওভেন এবং ৪টি ওজন মেশিন রহস্যজনকভাবে চুরির অভিযোগ ওঠে। তা নিয়ে কলকাতা পুলিশে শোরগোল পড়ে গিয়েছিল। তদন্তে নেমে নর্থ পোর্ট থানার পুলিশ প্রায় সাড়ে তিনমাস পর সোমবার এক অভিযুক্তকে পাকড়াও করে। তার নাম রাকিবুল শেখ। পুলিশ তার কাছ থেকে চুরি যাওয়া ১১টি ওভেন উদ্ধার করেছে। বাকি চুরি যাওয়া সামগ্রীর খোঁজে তল্লাশি চলছে বলে পুলিশ সূত্রের খবর। মঙ্গলবার ধৃতকে ব্যাঙ্কশালের অতিরিক্ত মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট (এসিজেএম) আদালতে হাজির করা হয়। বিচারক তাকে ১৬ মার্চ পর্যন্ত জেল হেপাজতে পাঠানোর নির্দেশ নির্দেশ দেন। সরকারি কৌঁসুলি আদালতে বলেন, মামলার তদন্ত চলছে। অভিযুক্ত জামিন পেলে চম্পট দিতে পারে। তাতে মামলা ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। আর তা ছাড়া ধৃতকে জেরা করে চুরি যাওয়া মালপত্রের কিছু অংশ উদ্ধার হয়েছে। বাকি মালপত্রের খোঁজে অভিযুক্তকে নিয়ে তল্লাশি অভিযান চালানো হবে। তাই এই অবস্থায় অভিযুক্তের জামিনের জোরালো আপত্তি জানাচ্ছে সরকার পক্ষ। উভয় পক্ষের বক্তব্য শোনার পর এদিন বিচারক মামলার কেস‑ডায়েরি খতিয়ে দেখে ধৃতের জামিনের আবেদন নাকচ করে দেন। এদিকে, নিরাপত্তা থাকা সত্ত্বেও খোদ পুলিশের মালখানা থেকে কীভাবে ওই সমস্ত সামগ্রী চুরি হল, তা নিয়ে নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে খোদ পুলিশ মহলেই। তবে শেষ পর্যন্ত অভিযুক্ত ধরা পড়ায় স্বস্তি প্রকাশ করে তদন্তকারীরা। এই ঘটনায় আর কেউ জড়িত রয়েছে কি না, তা তদন্ত করে দেখছে পুলিশ। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ