সংবাদদাতা, ইটাহার: স্কুলে বসেছে ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ শিবির। সেজন্য নির্ধারিত পরীক্ষা দিতে এসেও ঘুরে যেতে হল ছাত্রছাত্রীদের। ইটাহার হাইস্কুলে শনিবারের এই ঘটনায় প্রশাসন ও স্কুল কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন অভিভাবকরা। এদিনের পরীক্ষা যে স্থগিত করা হয়েছে, জানতই না পড়ুয়ারা। এদিন স্কুলে এসে শিবির দেখে অবাক পড়ুয়ারা। পঞ্চম থেকে দশম শ্রেণির পড়ুয়াদের সেকেন্ড সামেটিভ ছিল। পরীক্ষা স্থগিতের কথা জানতে পেরে হতাশ হয়ে বাড়ি ঘুরে যায় তারা। স্কুলের প্রধান শিক্ষক সুব্রত নারায়ণ ধর বলেন, শুক্রবার রাতে শেষ মুহূর্তে ব্লক প্রশাসনের পক্ষ থেকে স্কুলে সরকারি পরিষেবামূলক শিবির হওয়ার নির্দেশ আসায় আমরা পরীক্ষা স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছি। তাই রাতে পরীক্ষার্থীদের জানানো সম্ভব হয়নি। পরে এই পরীক্ষা নেওয়া হবে। যদিও শিবিরের বিষয়টি আগেই স্কুল কর্তৃপক্ষকে জানানো হয়েছিল বলে দাবি ইটাহারের বিডিও দিব্যেন্দু সরকারের।



