Bartaman Logo
১৮ জুন, ২০২৬
বর্তমান / বিদেশ

আমাদের জুটিই হিট, মোদিকে মেলোনি

জি-৭ সম্মেলনে মোদি ও মেলোনির বন্ধুত্বের নতুন অধ্যায়। ইনস্টাগ্রামে জনপ্রিয়তা নিয়ে আলোচনা। বিস্তারিত পড়ুন।

আমাদের জুটিই হিট, মোদিকে মেলোনি
  • ১৮ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

প্যারিস: ফ্রান্সের মাটিতে রীমিতো চাঁদের হাট। হালকা মেজাজে আলাপ-আলোচনায় ব্যস্ত ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রঁ, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সহ অন্য রাষ্ট্রনেতারা। গ্রুপ ফটো তোলার ঠিক আগের মুহূর্ত। ভিড়ের মাঝেই একে অন্যকে খুঁজে নিলেন নরেন্দ্র মোদি ও জর্জিয়া মেলোনি। থুড়ি ‘মেলোডি’! নেটপাড়ায় তাঁরা এই নামেই খ্যাত। একে অন্যের সঙ্গে হাত মেলাতে মেলাতে চলল সংক্ষিপ্ত কথোপকথন। ফের দেখা হওয়ায় প্রথমে একে-অন্যকে অভিবাদন জানান ইতালি ও ভারতের প্রধানমন্ত্রী। এরপরই ইনস্টাগ্রামে মেলোনির সঙ্গে তাঁর জুটির জনপ্রিয়তার কথা বলেন নরেন্দ্র মোদি। আর তা শুনে হাসিমুখে মেলোনির জবাব, ‘হ্যাঁ, আমরাই ইনস্টাগ্রামে সবচেয়ে জনপ্রিয় জুটি!’ কথাটা শেষ না হতেই হাসির রোল। মঙ্গলবার জি-৭ শীর্ষ সম্মেলনে আরও একবার ‘মেলোডি’ মুহূর্তের সাক্ষী থাকল গোটা বিশ্ব।

Advertisement

২০২৩ সালে দ্বিপাক্ষিক বৈঠকের পর থেকেই জুড়ে যান মোদি-মেলোনি। সেই শুরু। তাঁদের বন্ধুত্ব নিয়ে চর্চার অন্ত নেই। নেটপাড়ায় মিম, রিলসের ছড়াছড়ি। একটাই হ্যাশট্যাগ ‘মেলোডি’। পরের দিকে ২০২৪ সালে সেই জল্পনা উসকে মোদির সঙ্গে একটি সেলফি পোস্ট করেন মেলোনি। ক্যাপশনে লেখা মেলোডি। ২০২৫ সালের জুন মাস। জি-৭ শীর্ষ সম্মেলনের ফাঁকেও তাঁদের একটি ভিডিয়ো ভাইরাল হয়। এখানেই শেষ নয়, মাসখানেক আগে ইতালি সফরের সময় ‘প্রিয়’ মেলোনিকে মেলোডি চকলেট উপহার দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এনিয়ে গোটা বিশ্বে শোরগোল পড়ে যায়। অনুরাগীদের প্রশংসার পাশাপাশি জুটেছে বিরোধীদের রসিকতাও। মঙ্গলবার জি -৭ শীর্ষ সম্মেলনের মঞ্চে সেই বহুচর্চিত রসায়নে যেন সিলমোহর দিলেন স্বয়ং মেলোনি। ইতালির প্রধানমন্ত্রীর অকপট স্বীকারোক্তি, এই মুহূর্তে তাঁদের জুটিই সুপারহিট!  
এরইমাঝে সামনে এসেছে এক অস্বস্তিকর মুহূর্ত। মেলোনির গালে গাল ঠেকিয়ে অভিবাদন জানাতে গিয়ে বিপাকে পড়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ইউরোপীয় ইউনিয়নের প্রেসিডেন্ট উরসুলা ভন দের লেয়েনের সঙ্গে কথা বলছিলেন জেলেনস্কি। পাশ দিয়ে যাচ্ছিলেন মেলোনি। আর ঠিক তখনই তাঁকে অভিবাদন জানাতে যান ইউক্রেনের প্রেসিডেন্ট। কিন্তু কোনোভাবে তা ঠোঁটে চুম্বনের দিকে এগিয়ে যায়। তবে বিষয়টি সামলে নিয়ে সেখান থেকে সরে যান মেলোনি। 
জি-৭ সামিটের একাধিক অন্দরের খবরও সামনে এসেছে। জার্মান চ্যান্সেলর ফ্রেডরিখ মার্জের সঙ্গে কথোপকথনের সময় মেলোনি জানিয়েছেন এক মাস আগেই ধূমপান ছেড়ে দেওয়ার কথা। ফ্রেডরিখ মার্জ আবার ৪৭ নম্বর লেখা জার্মানি ফুটবল টিমের জার্সি উপহার দিয়েছেন ট্রাম্পকে। শোনা যাচ্ছে, রাষ্ট্রনেতাদের সঙ্গে মধ্যাহ্নভোজের পর ভুল করে নিজের ঘড়িটি ফেলে যান ম্যাক্রঁ। এনিয়ে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নে, ট্রাম্প সহ বাকিদের রসিকতা করতেও দেখা গিয়েছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ