নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: শুক্রবার সকাল ১০টা নাগাদ বারাকপুরের চিড়িয়া মোড়ের কাছে অটোর ধাক্কায় উল্টে গেল যাত্রী বোঝাই টোটো। ওই টোটোয় থাকা চার স্কুল ছাত্রী ও তাদের অভিভাবকরা জখম হয়েছেন। বারাকপুরের নিবেদিতা বিদ্যাপীঠের কেজি টু’র চার ছাত্রীর কারও কপালে, কারও মুখে, কারও আবার হাত-পায়ে আঘাত লেগেছে। ওই মোড়ে কর্তব্যরত ট্রাফিক পুলিসের কর্মীরা ছুটে এসে আহতদের উদ্ধার করে বি এন বসু হাসপাতালে নিয়ে যান। অটো নিয়ে চালক পালিয়েছে। এদিন রাত পর্যন্ত তাঁর খোঁজ পাওয়া যায়নি। স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে, স্কুল শুরু ও ছুটির সময় যাতে ঠিকভাবে যান নিয়ন্ত্রণ করা হয়, তার জন্য পুলিস কর্তাদের অনুরোধ করা হবে।



