Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

অস্থায়ী কর্মীদের বিক্ষোভ তৃতীয় দিনে, বহির্বিভাগে নতুন রোগী দেখা বন্ধ!

অস্থায়ী কর্মীদের বিক্ষোভ তৃতীয় দিনে, বহির্বিভাগে নতুন রোগী দেখা বন্ধ!
  • ২১ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, কল্যাণী: লাগাতার বিক্ষোভের জেরে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিক্যাল সাইন্সেস (এইমস)-এ বৃহস্পতিবার সকাল থেকে বন্ধ ছিল বহির্বিভাগে নতুন করে রোগী দেখা। শুধুমাত্র রুটিন চেকআপ করাতে আসা রোগীদের এদিন দেখা হয়েছে। বাকিদের গেট থেকে ফিরিয়ে দেওয়া হয়। এতে ভীষণ সমস্যায় পড়েন রোগীর আত্মীয়রা। 
Advertisement
অস্থায়ী কর্মীদের বিক্ষোভ এদিনেও দিনভর অব্যাহত ছিল। গত মঙ্গলবার দুপুর থেকে শুরু হয়েছে তাঁদের বিক্ষোভ। ওই কেন্দ্রীয় স্বাস্থ্য প্রতিষ্ঠানের প্রশাসনিক ভবনের সামনে তাঁরা লাগাতার অবস্থান বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন। আন্দোলনকারী কর্মীদের দাবি, তাঁরা ‘মাদার’ কোম্পানির হয়ে কাজ করবেন। বর্তমানে যে প্রাইভেট কোম্পানিতে তাঁরা রয়েছেন সেটি ‘কালো’ তালিকাভুক্ত। তাই ওই কোম্পানির হয়ে তাঁরা কাজ করবেন না। এছাড়া দু’মাস হয়ে গেলেও এখনও তাঁরা বেতন পাননি। এই ইস্যুতে এর আগে একাধিকবার বিক্ষোভ করলেও কোনও সুরাহা না-মেলায় ফের তাঁরা অবস্থান বিক্ষোভে বসেন। এক রোগীর আত্মীয় শম্ভুনাথ দাস বলেন, আজ হার্টের রোগী নিয়ে এইমসে দেখাতে এসে জানতে পারি, নতুন রোগী দেখানো যাবে না। কিছু না জানিয়ে এইভাবে একটা জরুরি পরিষেবা ইচ্ছামতো বন্ধ করা যায়! শ’য়ে শ’য়ে মানুষ রোগী দেখাতে এসে সমস্যায় পড়েছেন। এদিন বিকেলে এক বিজ্ঞপ্তি প্রকাশ করে এইমস কর্তৃপক্ষ দাবি করেন, হাউসকিপিং স্টাফরা বিক্ষোভ দেখানোর কারণে রোগী পরিষেবা ব্যাহত হচ্ছে। যে কোম্পানিতে তাঁরা নিযুক্ত সেটি আদৌ ‘ব্লাক লিস্টেড’ নয়। অস্থায়ী কর্মীরা ব্যক্তিগত নথিপত্র জমা না দেওয়ার কারণেই তাঁদের বেতন দেওয়া যাচ্ছে না। বারবার মিটিং করে, এই বিষয়গুলি তাঁদের জানিয়েও কোন কাজ হয়নি। আমরা তাঁদেরকে বলা হয়েছে, এইমসের মতো একটি নামী স্বাস্থ্য প্রতিষ্ঠানে পরিষেবা যথাযথভাবে চালিয়ে যেতে এই বিক্ষোভ এখনই বন্ধ হওয়া জরুরি। অবিলম্বে কাজে যোগ দেওয়ার জন্যই তাঁদের অনুরোধ করা হয়েছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ