Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

অসময়ের হঠাৎ বৃষ্টিতে বিপর্যস্ত নামখানার পাইকারি বাজার, বিপাকে চাষি-বাসিন্দারা

অসময়ের হঠাৎ বৃষ্টিতে বিপর্যস্ত নামখানার পাইকারি বাজার, বিপাকে চাষি-বাসিন্দারা
  • ৭ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, কাকদ্বীপ: হঠাৎ মুলধারার বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়ল জনজীবন। সব্জির পাইকারি বাজার লন্ডভন্ড। বৃহস্পতিবার সকাল সাতটা থেকে নামখানায় হঠাৎ বৃষ্টি শুরু হয়। প্রথম দফায় প্রায় ২০ মিনিট ঝিরঝির করে বৃষ্টি। তারপর এক ঘণ্টারও বেশি সময় ধরে মুষলধারায় বর্ষণ। প্রায় সাড়ে আটটা পর্যন্ত বৃষ্টি চলে। থামার কিছুক্ষণ পর উঁকি দেয় সূর্য। 
Advertisement
নারায়ণপুরের একটি মাঠে পাইকারি বাজার বসেছিল। সেখানে কেনাকাটা বন্ধ হয়ে যায়। গোটা এলাকা কর্দমাক্ত হয়ে পড়ে। বর্ষণ থামার পর বাজার উঠে গিয়ে ১১৭ নম্বর জাতীয় সড়কের দু’পাশে বসে। বহু কৃষক দেরি করে বাজারে সব্জি নিয়ে আসতে বাধ্য হন। নবকুমার কয়াল নামে নাদাভাঙার এক বাসিন্দা বলেন, ‘অসময়ের প্রবল বৃষ্টির ফলে চাষিরা ভয় পেয়ে গিয়েছিলেন। বর্ষণ বেশিক্ষণ চললে মারাত্মক ক্ষতি হতো চাষের। কিন্তু যে পরিমাণ বৃষ্টি হয়েছে তাতে চাষের কাজের ক্ষতি সেভাবে হয়নি। বরং চাষিরা উপকৃত হয়েছেন।’ বাসিন্দাদের বক্তব্য, হঠাৎ বৃষ্টির কারণে অন্যান্য কাজের ক্ষতি হয়েছে। ভিজে ভিজে সারতে হয়েছে জরুরি কাজ। আবহাওয়া দপ্তর জানিয়েছে, বঙ্গোপসাগরে উচ্চচাপ তৈরি হয়েছিল। ফলে বাতাসে প্রচুর পরিমাণে জলীয় বাস্প প্রবেশ করে। এ কারণে বঙ্গের কয়েকটি উপকূলবর্তী এলাকায়, মূলত দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরের কোথাও কোথাও মাঝারি ও হাল্কা বৃষ্টি হয়েছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ