সংবাদদাতা, পতিরাম: স্বামী ভিনরাজ্যে কাজ করেন। ছোট দুই সন্তানকে নিয়ে বাড়িতে একাই থাকেন বধূ। ওই বধূর দিকেই কু-নজর প্রতিবেশী এক যুবকের। বধূকে নিজের বাগে আনতে ঘরের পাশেই অশ্লীল ভিডিও চালিয়ে ইঙ্গিত। এদিকে সম্প্রতি ওই বধুর স্বামী বাড়িতে এসেছেন। এরপরেই ভোররাতে ওই বধুর ঘরের পেছনে অশ্লীল ভিডিও মোবাইলে জোরে চালিয়ে উত্ত্যক্ত করার অভিযোগ উঠল। এদিকে বিষয়টি দেখতে পেয়েই ঘর থেকে বেরিয়ে প্রতিবাদ করতে যান স্বামী। প্রতিবাদ করতে গিয়ে ওই যুবকের হাতেই আক্রান্ত হলেন স্বামী। ঘটনাটি ঘটেছে কুমারগঞ্জ থানার পানিতাড়া এলাকায়। এনিয়ে ওই দম্পতি কুমারগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছে। বধূ অভিযোগ দায়ের করে বলেন, মাঝেমধ্যেই ওই যুবক এই ধরনের কু-কীর্তি করে। আমার স্বামী প্রতিবাদ করতে গেলে তাকে মারধর করে। তাই অভিযোগ দায়ের করলাম। অন্যদিকে কুমারগঞ্জ থানার পুলিসের তরফে জানা গিয়েছে, ওই ঘটনার মামলা শুরু হয়েছে। পুলিস পুরো ঘটনাটি খতিয়ে দেখছে।



