Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

অশোকনগরে পাইপ ফেটে জল থই থই, খুশিতে মাতলেন বাসিন্দারা

অশোকনগরে পাইপ ফেটে জল থই থই, খুশিতে মাতলেন বাসিন্দারা
  • ২৩ নভেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, বারাসত: গঙ্গার জল এনে পরিস্রুত করে বাড়ি বাড়ি দেওয়া হবে। সেই জন্য পাইপলাইনে চলছিল টেস্টিং। তখনই, বৃহস্পতিবার রাতে, পাইপ ফেটে বিপত্তি ঘটল অশোকনগরে। ভুরকুণ্ডা পঞ্চায়েতের হিজলিয়া মোড় পাইপ ফেটে জলময়। এমনকী জলের চাপে রাস্তার একাংশে ধসও নামে। হিজলিয়া মোড় সংলগ্ন অশোকনগর-নৈহাটি রোডেও যান চলাচলে বিঘ্ন ঘটে। ঘটনার ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। গোটা এলাকা ভরে যায় গঙ্গার জলের সঙ্গে আসা কাদামাটিতে।
Advertisement
এদিকে, বাড়ির কাছে এভাবে গঙ্গাজল পাওয়ায় খুশি স্থানীয় বাসিন্দারা। কারণ, গঙ্গাজল আনতে অশোকনগরের মানুষকে যেতে হয় প্রায় ২৫ কিমি দূরে নৈহাটিতে। তাই অনেকে খালি বোতল এনে গঙ্গার জল ভরে নিলেন, কেউ বা মাথায় সেই জল ঠেকিয়ে নিজেকে ‘শুদ্ধ’ করলেন।
জানা গিয়েছে, কয়েকমাস ধরেই গঙ্গার জল এনে পরিস্রুত করার পর বাড়ি বাড়ি সরবরাহের জন্য অশোকনগর পুরসভার বিভিন্ন জায়গায় পাইপ লাইন বসানোর কাজ চলছিল। সেই কাজ প্রায় শেষ। নৈহাটির গঙ্গা থেকেই পাইপ লাইনের মাধ্যমে জল নিয়ে আসা হবে। অশোকনগর-নৈহাটি রোড সংলগ্ন ভুরকুণ্ডা পঞ্চায়েতের হিজলিয়া মোড়ে বৃহস্পতিবার সন্ধ্যায় পানীয় জল সরবরাহের পরীক্ষামূলক কাজ চলছিল। কিন্তু হঠাৎই বিকট শব্দে পাইপ ফেটে ঘটে গেল বিপত্তি। জলময় হিজলিয়া মোড়। বিষয়টি জানার পরেই সেখানে পৌঁছন দপ্তরের কর্মী থেকে আধিকারিকরা। যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয় কাজ। এনিয়ে ভুরকুণ্ডার পঞ্চায়েত প্রধান রাজশ্রী সাহা বলেন, সাময়িক সমস্যা হয়েছিল। তবে, অনেকেই গঙ্গাজল বাড়ি নিয়ে গিয়েছেন, মাথাতেও দিয়েছেন।
সম্পর্কিত সংবাদ