Bartaman Logo
১৫ জুন, ২০২৬
বর্তমান / খেলা

মরশুম শেষে ইস্ট বেঙ্গল ছাড়ার ঘোষণা অস্কারের, নির্বাসন উঠল মিগুয়েলের, খেলবেন মুম্বই ম্যাচে

আভাসটা আগেই মিলেছিল। মুম্বই সিটি ম্যাচের ৪৮ ঘণ্টা আগে তাতে সিলমোহর পড়ল। মরশুম শেষে দল ছাড়ার কথা আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করলেন ইস্ট বেঙ্গলের কোচ অস্কার ব্রুজোঁ।

মরশুম শেষে ইস্ট বেঙ্গল ছাড়ার ঘোষণা অস্কারের, নির্বাসন উঠল মিগুয়েলের, খেলবেন মুম্বই ম্যাচে
  • ৪ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আভাসটা আগেই মিলেছিল। মুম্বই সিটি ম্যাচের ৪৮ ঘণ্টা আগে তাতে সিলমোহর পড়ল। মরশুম শেষে দল ছাড়ার কথা আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করলেন ইস্ট বেঙ্গলের কোচ অস্কার ব্রুজোঁ। রবিবার প্রাক ম্যাচ সাংবাদিক সম্মেলনের শুরুতেই নিজের সিদ্ধান্তের কথা জানান স্প্যানিশ কোচ। একই সঙ্গে, ক্লাবের দূরদর্শিতার অভাবকেও দায়ী করেছেন অস্কার। তিনি বলেন, ‘গত বছর ১৪ ফেব্রুয়ারি আমি চুক্তি নবীকরণ করেছিলাম। তখন থেকেই নতুন মরশুমের পরিকল্পনা শুরু করে দিই। তবে এবার মে মাস শুরু হলেও দল নিয়ে ক্লাবের কোনো নির্দিষ্ট পরিকল্পনা চোখে পড়ছে না। এই পরিস্থিতিতে আমি ৩১ মে’র পর কোচের পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। লিগের আর চারটি ম্যাচ বাকি। এই পর্বে নিজের সমস্ত পরিশ্রম উজাড় করে দিতে চাই। ইস্ট বেঙ্গলকে সাফল্য এনে দেওয়াই আমার লক্ষ্য।’

Advertisement

আইএসএলে দীর্ঘ ছ’বছরের ইতিহাসে এই প্রথম প্রবলভাবে খেতাবি দৌড়ে রয়েছে লাল-হলুদ ব্রিগেড। এমন পরিস্থিতিতে কোচের দল ছাড়ার ঘোষণা ফুটবলারদের উপর মানসিকভাবে প্রভাব ফেলতে পারে। কোচ অস্কার অবশ্য সেই জল্পনা উড়িয়ে দিচ্ছেন। তাঁর সাফ মন্তব্য, ‘আমি মনে করি, ফুটবলারদের উপর এর কোনো নেতিবাচক প্রভাব পড়বে না। কারণ তারা নিজেরাও এক অনিশ্চয়তার মধ্যে ভুগছে। আপাতত আমরা সকলেই চাই, বাকি ম্যাচগুলিতে সেরাটা মেলে ধরতে।’
কোচ অস্কার যতই দাবি করুন, তাঁর সিদ্ধান্তের আঁচ দলে পড়বে না, বাস্তব কিন্তু অন্য কথা বলছে। অতীতে বহুবার দেখা দিয়েছে, এমন পরিস্থিতিতে দল পা হড়কেছে। স্প্যানিশ কোচ অবশ্য অনেক ভেবেচিন্তেই ঘুঁটি সাজিয়েছেন। তিনি ভালোই জানেন, মুম্বই ম্যাচে দল জিততে না পারলে ফের একবার চাপ বাড়বে তাঁর উপর। উঠতে পারে গো ব্যাক ধ্বনি। তাই আগেভাগেই অজুহাত তৈরি রাখলেন তিনি।
এদিকে, মুম্বই ম্যাচের আগে স্বস্তিতে ইস্ট বেঙ্গল। মিগুয়েলের উপর থেকে নির্বাসনের শাস্তি তুলে নিল ফেডারেশনের অ্যাপিল কমিটি। ফলে মঙ্গলবার তাঁর খেলা নিয়ে আর কোনো সমস্যা রইল না। পাশাপাশি চোট সারিয়ে মুম্বই ম্যাচে দলে ফিরছেন আনোয়ার আলি। এদিন পুরোদমেই অনুশীলন করেন পাঞ্জাব তনয়। সেক্ষেত্রে রক্ষণে কেভিন সিবলের সঙ্গে আনোয়ারকে রেখেই দল সাজাবেন অস্কার। তবে গত তিন ম্যাচের মতো মুম্বইয়ের বিরুদ্ধে তিন ডিফেন্ডারের পথে না-ও হাঁটতে পারেন তিনি। মূলত মুম্বই দলে ছাংতে, বিক্রম প্রতাপ সিংয়ের মতো উইঙ্গার রয়েছে। যাঁরা দ্রুত গতিতে আক্রমণ শানাতে পারে। আর সে কথা মাথায় রেখেই পরিকল্পনায় বদল আনার ভাবনায় লাল-হলুদ কোচ। সোমবার কলকাতায় অনুশীলন সেরে মুম্বই রওনা দেবে দল।

Advertisement
সম্পর্কিত সংবাদ