পদ্মের ছবি দিয়ে রাতারাতি গজিয়ে উঠছে সংগঠন, মাথায় বিতর্কিত তৃণমূল নেতারাই
  • ৩ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বর্ধমান: পদ্মফুলের ছবি দিয়ে হঠাৎ হঠাৎ গজিয়ে উঠছে সংগঠন। বিতর্কিত তৃণমূল নেতারাই ওই সংগঠনের সভাপতি বা সম্পাদক পদে বসছেন। তাঁদের কেউ কেউ আবার বিজেপি নেতাদের পাশে ছবি তুলে নিজেদের প্রভাব জাহির করার চেষ্টা চালাচ্ছেন। তাঁদের অনেকের বিরুদ্ধে ২০২১ সালে ভোট পরবর্তী হিংসার অভিযোগ রয়েছে। বিজেপির জেলা সভাপতি আশিস পাল বলেন, ওই সমস্ত সংগঠনের সঙ্গে বিজেপির কোনো সম্পর্ক নেই। কোনো তৃণমূল নেতাকে কোথাও পদে বসানো হয়নি। যারা এসব করছে, তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে।

Advertisement

বিজেপি সূত্রে জানা গিয়েছে, জেলায় একটি চক্র সক্রিয় হয়ে উঠেছে। তারা বিভিন্ন কৌশলে টাকা হাতানোর চেষ্টা করছে। যে সমস্ত তৃণমূল নেতা রাতারাতি ধনী হয়ে উঠেছেন, তাঁদেরকেই এই অফার দেওয়া হয়েছে। এই চক্রটিই নিজেদের মনের মতো একটি সংগঠন তৈরি করে তাঁদের পদে বসাচ্ছে। তাঁদের সংবর্ধনা দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। যদিও কোথাও বিজেপি নেতাদের দেখা যাচ্ছে না। এক বিজেপি নেতা বলেন, চক্রটি বেশ কিছুদিন ধরেই সক্রিয় রয়েছে। পুলিশকে বিষয়টি জানানো হয়েছে। চক্রের অনেকে দাবি করছে তাদের সঙ্গে নাকি দিল্লির নেতাদের যোগাযোগ রয়েছে। সব কাজ তারা নিমিষে করে দিতে পারে। প্রসঙ্গত, তৃণমূল জমানার শেষের দিকেও এরকমই একটি চক্র সক্রিয় হয়ে উঠেছিল। তারা পদের নাম করে অনেকের কাছে টাকা হাতিয়েছে। এমনকি, বিধানাসভা নির্বাচনের টোপ দিয়েও প্রতারণা করা হয়েছে। একই কায়দাতেই বিজেপির আমলেও চক্রটি মাথা তুলেছে।  বিজেপি নেতা রাজু পাত্র বলেন, এভাবে আমাদের দলের কাউকে পদ দেওয়া হয়নি। যারা আমাদের দলের লোগো ব্যবহার করছে, তাদেরও জেলে যেতে হবে। তারা ভাবছে এধরনের সংগঠন তৈরি করে রেহাই পেয়ে যাবে। তৃণমূল নেতারা দলের বদনাম করার জন্যই এসব করছে। তৃণমূল নেতা দেবু টুডু বলেন, কেউ প্রতারণা করলে পুলিশ ব্যবস্থা নেবে। আমাদের দলের কেউ এসবে যুক্ত নয়। যারা পদে বসছে, তাদের নিশ্চয়ই বিজেপি নেতারা সহযোগিতা করছে। বিজেপি সূত্রে আরও জানা গিয়েছে, জেলায় দু’থেকে তিনটি এরকম সংগঠন গজিয়ে উঠেছে। সেগুলির নাম এলাকার বাসিন্দারা কোনোদিনই শোনেননি। বিজেপি নেতাদেরও অনেকেই এসব সংগঠন দেখে অবাক হয়ে যাচ্ছেন। নেতৃত্বের দাবি, সবকিছুর উপর নজরদারি চালানো হচ্ছে। সঠিক সময়ে পদক্ষেপ নেওয়া হবে।