Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

ঘরে বসে আধারের ঠিকানা-মোবাইল নম্বর বদলের সুযোগ, নতুন অ্যাপ চালু

এবার যখন খুশি আধারে বদলানো যাবে মোবাইল নম্বর এবং ঠিকানা। তা করা যাবে ঘরে বসেই। কোনো আধার সেবা কেন্দ্র বা ডাকঘরে যেতে হবে না।

ঘরে বসে আধারের ঠিকানা-মোবাইল  নম্বর বদলের সুযোগ, নতুন অ্যাপ চালু
  • ২৯ জানুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: এবার যখন খুশি আধারে বদলানো যাবে মোবাইল নম্বর এবং ঠিকানা। তা করা যাবে ঘরে বসেই। কোনো আধার সেবা কেন্দ্র বা ডাকঘরে যেতে হবে না। এরই সঙ্গে বুধবার একগুচ্ছ পরিষেবা চালু করল ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অব ইন্ডিয়া (ইউআইডিএআই)। আধার অ্যাপটি নতুন রূপে আনা হয়েছে, যেখানে যুক্ত করা হয়েছে পরিষেবাগুলি। এদিন পরিষেবাগুলির উদ্বোধন করেন কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।

Advertisement

কী কী পরিষেবা মিলবে আধার অ্যাপে? আধার কর্তৃপক্ষ জানিয়েছে, ঘরে বসে যেকোনো গ্রাহক তাঁর মোবাইল নম্বর এবং ঠিকানা আপডেট করতে পারবেন কয়েক মিনিটের মধ্যে। তবে অবশ্যই তা হবে ইউআইডিএআইয়ের যাচাইকরণের পরই। ফেস অথেন্টিকেশন পদ্ধতিকে কাজে লাগিয়ে এই সুযোগ পাবেন আধার গ্রাহক। অ্যাপটিতে সাধারণ মানুষ তাঁর আধারটি ডিজিটাল ব্যবস্থায় স্টোর করে রাখতে পারবেন এবং প্রয়োজনে ব্যবহার করতে পারবেন। আধার কার্ডটি সঙ্গে নিয়ে ঘোরার ঝঞ্ঝাট কমবে। একটি মাত্র মোবাইল নম্বরের আওতায় কোনো ব্যক্তি এই অ্যাপের মাধ্যমে তাঁর ডিভাইস বা মোবাইল ফোন থেকে একইসঙ্গে মোট পাঁচজনের আধার নিয়ন্ত্রণ করতে পারবেন বা কাজে লাগাতে পারবেন। এই অ্যাপ থেকে বায়োমেট্রিক লক ও আনলক করা যাবে ফেস অথেন্টিকেশনের মাধ্যমে। যেসব ক্ষেত্রে আধার যাচাই করা হয়েছে, বা যেসব ক্ষেত্রে আধার যাচাইয়ের মাধ্যমে পরিষেবা মিলেছে, তার পূর্ণ ইতিহাস দেখতে পাবেন গ্রাহক। এর ফলে তিনি আধার যাচাই সংক্রান্ত ঘটনার নিয়ন্ত্রণ করতে পারবেন এবং বিষয়টি আরও স্বচ্ছ হবে বলে দাবি করেছে আধার কর্তৃপক্ষ।

আধার ব্যবহারের ক্ষেত্রে কিউআর কোড স্ক্যান করার সুযোগ দিচ্ছে নয়া অ্যাপ। অর্থাৎ গ্রাহক নির্দিষ্ট কিউআর কোড স্ক্যান করে তাঁর আধার ‘চেক’ করাতে পারবেন। এর ফলে প্রয়োজনে নিজের সঙ্গে আধার কার্ড রাখার ঝক্কি কমবে। আধার সংক্রান্ত কোনও তথ্য যদি প্রয়োজনে গ্রাহককে শেয়ার করতে হয়, সেক্ষেত্রে যেটুকু তথ্য দরকার, শুধু সেটুকুই তিনি দেবেন। বাদবাকি তথ্য গ্রাহক গোপন রাখতে পারবেন। অর্থাৎ তথ্য সরবরাহ সংক্রান্ত নিয়ন্ত্রণ থাকবে গ্রাহকের হাতে। আধার কোথায় কোথায় কখন ব্যবহার করা হয়েছে, তার সব তথ্য ও ইতিহাস সঞ্চিত থাকবে এই অ্যাপে। কেন্দ্রীয় তথ্য-প্রযুক্তি মন্ত্রক দাবি করেছে, এতকিছু সুবিধা দেওয়ার পরও গ্রাহকের তথ্য সংক্রান্ত সুরক্ষাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ