নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: ‘অপারেশন সিন্দুর’! পহেলগাঁও হামলার পর সন্ত্রাসের আঁতুড়ঘর পাকিস্তানকে মোক্ষম জবাব দিয়েছে ভারত। শুক্রবার কলকাতায় একটি অনুষ্ঠানে এসে অপারেশন সিন্দুর নিয়ে ভারতের প্রাক্তন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এম কে নারায়ণন বলেন, ‘আমরা কী করতে পারি, অপারেশন সিন্দুর তার নমুনা। এই অপারেশন শুরু হয়েছে। এখনও শেষ হয়নি’! সেই সঙ্গে কাশ্মীর নিয়ে আরও নজরদারির প্রয়োজন রয়েছে বলেও মন্তব্য করেছেন তিনি। প্রসঙ্গত, এর আগে ভারতীয় সেনা আধিকারিকদের মুখেও শোনা গিয়েছে অপারেশন সিন্দুর শেষ হয়নি। ওয়াকিবহাল মহলের মতে, সন্ত্রাসের বিরুদ্ধে বর্তমান ভারত যে চুপ করে বসে থাকবে না, তার জন্যই এই ঘোষণা। অর্থাৎ, প্রয়োজন পড়লেই সন্ত্রাসঘাঁটি নিশ্চিহ্ন করতে আবার হবে অপারেশন।
এদিন কলকাতার একটি হোটেলে ইন্ডিয়ান চেম্বার অব কর্মাস অ্যান্ড সেনারেস-কে’র উদ্যোগে ‘গ্লোবাল অ্যান্ড রিজিওন্যাল জিও পলিটিক্স, ইন এ ওয়ার্ল্ড অব আনসার্টেনিটি’ নামে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেখানে এম কে নারায়ণন ছাড়াও ভারতের প্রাক্তন বায়ুসেনা প্রধান এয়ারমার্শাল অরূপ রাহা, চীনের প্রাক্তন ভারতীয় রাষ্ট্রদূত অশোক কান্থা, ইন্ডিয়ান চেম্বার্স অব কমার্সের ডিরেক্টর জেনারেল রাজীব সিং, প্রাক্তন সাংসদ স্বপন দাশগুপ্ত প্রমুখ বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন। দেশের প্রাক্তন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা তথা পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল এম কে নারায়ণন তাঁর বক্তব্যে ভারতের প্রতিবেশী তথা এশিয়ার বিভিন্ন দেশের বর্তমান পরিস্থিতিও তুলে ধরেন। সেখানে চীনের প্রসঙ্গ বলতে গিয়ে তিনি বলেন, ‘সীমান্তে চীনের সঙ্গে ভারতের কোনও যুদ্ধ পরিস্থিতি নেই। আমি মনে করি না, চীন ভারতের সঙ্গে যুদ্ধ করবে’। পাকিস্তানের সেনা প্রধান ভারতকে যে হুমকি দিয়েছে, সে ব্যাপারেও তিনি উল্লেখ করেছেন। প্রতিবেশী মায়ানমারের রোহিঙ্গা সমস্যার কথাও উল্লেখ করেছেন। বাংলাদেশের প্রসঙ্গ টেনে বলেছেন, ওই দেশটা ভারতেরই বন্ধু থাকবে। বাংলাদেশের মানুষ, আর ভারতের মানুষ, এই বাংলার মানুষ একই। আগামী দিনে ‘সাইবার যুদ্ধ’ যে বড় রকমের বিষয় হতে পারে সে ব্যাপারেও মন্তব্য করেছেন। তিনি বলেন, ভবিষ্যতে সাইবার যুদ্ধ বড়সড় ভূমিকা পালন করবে। ভারত-পাকিস্তানের পরমাণু প্রসঙ্গ টেনে তিনি বলেন, পরমাণু অস্ত্র হল শেষ অস্ত্র। ভারত-পাকিস্তানের পরমাণু দ্বন্দ্ব ‘আনটোল্ড প্রবলেম’!