Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

অনিয়মের অভিযোগ, চার ময়দাকল  মালিকের রেশন লাইসেন্স সাসপেন্ড

অনিয়মের অভিযোগ, চার ময়দাকল  মালিকের রেশন লাইসেন্স সাসপেন্ড
  • ১২ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: এই প্রথম দক্ষিণ ২৪ পরগনায় ময়দাকল মালিকদের রেশনে সামগ্রী বিক্রি করার লাইসেন্স সাসপেন্ড করা হল। বজবজের দু’টি কলের চারজনের (দু’জন করে যৌথ মালিক) বিরুদ্ধে এই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। তাঁদের বিরুদ্ধে খাদ্যসামগ্রী নিয়ে অনিয়মের অভিযোগ পাওয়া গিয়েছে। তবে শুধু এই দু’টি ময়দাকল নয়, সপ্তাহখানেক আগে মথুরাপুরের এক রেশন ডিলারকে চিরকালের জন্য ‘টারমিনেট’ করা হয়েছে। বিগত এক বছরে খাদ্যসামগ্রী সংক্রান্ত অনিয়ম-বেনিয়ম নিয়ে লাগাতার অভিযান চালিয়েছে জেলা খাদ্যবিভাগ। তাতে প্রচুর ডিলার ও ডিস্ট্রিবিউটরের বিরুদ্ধে পদক্ষেপ করা হয়েছে।
Advertisement
জানা গিয়েছে, বিগত কয়েকদিন ধরে আটা-ময়দা নিয়ে নানারকম অভিযোগ আসছিল। সেই মতো খাদ্যবিভাগের পক্ষ থেকে বিভিন্ন জায়গায় অভিযান চালানো হয়। বজবজের অভিরামপুরে ওই দুই ময়দা কলে গিয়ে পরীক্ষা করতেই বেনিয়ম ধরা পড়ে। সরকার থেকে যে পরিমাণ আটা-ময়দা দেওয়া হয়েছে, তার সঙ্গে মজুত করা সামগ্রীর পরিমাণ মিলছিল না। এই নিয়ে কোনও সদুত্তরও দিতে পারেননি ময়দাকলের মালিকরা। এরপরই তাঁদের শোকজ করা হয়। উত্তর সন্তোষজনক না হওয়ায় আপাতত তাঁদের রেশনে সামগ্রী বিক্রির লাইসেন্স সাসপেন্ড করা হয়েছে। তাঁদের গোডাউনে থাকা যাবতীয় সরকারি সামগ্রী তুলে অন্য ময়দাকলে দিয়েও দেওয়া হয়েছে।
সূত্রের খবর, কয়েক কোটি টাকার সরকারি খাদ্যসামগ্রী সরানোর অভিযোগ পাওয়া গিয়েছে ওই মালিকদের বিরুদ্ধে। এই নিয়ে জেলা খাদ্যবিভাগের অফিসার পার্থ সাহা বলেন, অনিয়মের অভিযোগ এসেছিল। সেই মতো আমরা খোঁজখবর করে রিপোর্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। আইন মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে। এদিকে, গত এক বছরে নানা ধরনের অনিয়মের কারণে পাঁচজন রেশন ডিস্ট্রিবিউটার এবং ১০ জন ডিলারের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ