নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: মোবাইল ব্যবহার নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে তুমুল ঝগড়া। তার জেরে শেষ পর্যন্ত হাজতবাস হল স্বামীর। ধৃতের নাম আজারউদ্দিন মোল্লা। সোমবার রাতে ঘটনাটি ঘটেছে নরেন্দ্রপুর থানার লস্করপুরে। স্ত্রীর অতিরিক্ত মোবাইলে আসক্তি পছন্দ ছিল না স্বামীর। সোমবার রাতে এই নিয়ে দু’জনের মধ্যে বচসা হয়। তারপরেই রাগের মাথায় অন্তঃসত্ত্বা স্ত্রীকে লাথি মারার অভিযোগ ওঠে আজহারউদ্দিনের বিরুদ্ধে। এই নিয়ে থানায় বধূ নির্যাতনের অভিযোগ দায়ের করেন আক্রান্ত স্ত্রী। তার ভিত্তিতে স্বামীকে গ্রেপ্তার করে নরেন্দ্রপুর থানা। মঙ্গলবার ধৃতকে বারুইপুর আদালতে তোলা হলে বিচারক পুলিস হেফাজতের নির্দেশ দিয়েছেন।-নিজস্ব চিত্র



