প্রকাশ্যে এল ‘পুষ্পা ২: দ্য রুল’ ছবির ট্রেলার। রবিবার বিহারের পাটনায় গান্ধী ময়দানে বিগ বাজেট অনুষ্ঠানে প্রকাশ্যে আনা হয় ট্রেলার। এদিন সকালেই সেই অনুষ্ঠানে যোগ দিতে পাটনার উদ্দেশ্যে রওনা হন অল্লু অর্জুন ও রশ্মিকা মন্দানা। দুই তারকাকে দেখতে ভিড় জমিয়েছিলেন অসংখ্য অনুরাগী। অভিনেতারা অনুষ্ঠানস্থলে পা রাখার কিছুক্ষণ আগেই কার্যত বিশৃঙ্খল পরিবেশ তৈরি হল। দেখা যায়, গান্ধী ময়দানে একেবারে তিল ধারণের জায়গা নেই। সকলেই ‘পুষ্পা’র মুখোশ পরে রয়েছেন। সেই ভিড়ের মধ্যেই আচমকা বচসা বাঁধে। শুরু হয় জুতো ছোড়াছুড়ি, মারপিট। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিস বাহিনী নামে। লাঠিচার্জ করে থামানো হয় সকলকে। যদিও অল্লু ময়দানে প্রবেশ করার পর আর অশান্তি হয়নি বলেই খবর। উল্লেখ্য, ‘পুষ্পা ২’ ছবির জন্য ৩০০ কোটি টাকা পারিশ্রমিক নিয়েছেন অভিনেতা। বর্তমানে তিনি বেশি পারিশ্রমিক নেওয়া ভারতীয় অভিনেতার মধ্যে শীর্ষে রয়েছেন।



