Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

অনুপ্রবেশকারী বাংলাদেশিকে ভুয়ো নথির জোগান, ধৃত বিজেপি নেতা 

অনুপ্রবেশকারী বাংলাদেশিকে ভুয়ো নথির জোগান, ধৃত বিজেপি নেতা 
  • ২০ জানুয়ারি, ২০২৫ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, বারাসত: বাংলাদেশি অনুপ্রবেশ নিয়ে লম্বা-চওড়া ভাষণ দেন বিজেপির ছোট, বড় বা মাঝারি দরের নেতারা। কিন্তু, এবার অনুপ্রবেশ কেলেঙ্কারিতে সরাসরি নাম জড়াল বারাসতের এক বিজেপির নেতার। তাই নিয়ে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে বারাসত শহরে। কয়েক বছর আগে বাংলাদেশের খুলনা থেকে আসা এক অনুপ্রবেশকারীকে ভুয়ো নথি তৈরি করে দিয়ে ‘ভারতীয়’ বানিয়েছিল বারাসত শহরের বিজেপি নেতা ইন্দ্রজিৎ দে। শুধু তাই নয়, পুলিসি তথ্যে উঠে এসেছে, ইন্দ্রজিৎ ভুয়ো পাসপোর্ট তৈরি করত। উপযুক্ত প্রমাণ পাওয়ার পরেই তাকে গ্রেপ্তার করে বারাসাত থানার পুলিস। রবিবার ইন্দ্রজিৎকে বারাসত আদালতে তোলা হলে তার তিনদিনের পুলিস হেফাজত হয়।
Advertisement
যতদিন যাচ্ছে ভুয়ো নথি তৈরির ‘ভাণ্ডার’এর হদিশ মিলছে বারাসত শহরে। ইতিমধ্যেই এই কারবারে যুক্ত ১০ জনকে গ্রেপ্তার করেছে বারাসত থানার পুলিস। তার মধ্যে জ্যোতির্ময় দে-কে গ্রেপ্তার করে পুলিস। আসলে সে বাংলাদেশি অনুপ্রবেশকারী। তার মূল বাড়ি বাংলাদেশের খুলনা জেলার মাগুরাতে। এদেশে থাকার জন্য সে পরিচয়পত্র তৈরি করে। আর সেটি তৈরি করে দিয়েছিল বারাসতের বিজেপি নেতা ইন্দ্রজিৎ দে বলে জেনেছেন তদন্তকারীরা। ইন্দ্রজিৎ ২০২২ সালে বারাসত পুরসভার ২৭ নম্বর ওয়ার্ডে পুর নির্বাচনে বিজেপির প্রার্থী হন। কিন্তু শেষ পর্যন্ত তিনি হেরে যান। তদন্তকারীদের সূত্রে জানা গিয়েছে, বিজেপি নেতা ধৃত সমীর দাসের বন্ধু বলেই পরিচিত। সমীরের সঙ্গে থেকেই ভুয়ো কারবারিতে হাত পাকানো শুরু করে ইন্দ্রজিৎ। প্রায় বছর দুই ধরে এই কারবার চালাত। শুধু তাই নয়, বাংলাদেশিদের সহজে ভারতীয় বানিয়ে দেওয়া যাবে বলে ‘টোপ’ দিত ধৃত বিজেপি নেতা। তদন্তকারীরা মনে করছেন, গোটা সিন্ডিকেটই চালাত ইন্দ্রজিৎ। ধৃত বাংলাদেশি জ্যোতির্ময়কে সামনে রেখে সে ক্লায়েন্ট ধরত। সমীর, তমাল, রূপকরা সহ কয়েকজন বিজেপি নেতার সাহায্যে এই কারবারিতে হাত পাকায়। জানা গিয়েছে, ভারতীয় পাসপোর্ট করার জন্য জ্যোতির্ময়ের কাছ থেকে ২৮ হাজার টাকা নিয়েছিল সে। 
পুলিসের মতে, বহু বাংলাদেশিকে ভারতীয় বানিয়ে থাকতে পারে ইন্দ্রজিৎ। গোটা দিকটা খতিয়ে দেখা হচ্ছে। এ নিয়ে তৃণমূল নেতা তথা বারাসত পুরসভার চেয়ারম্যান অশনি মুখোপাধ্যায় বলেন, বিজেপি নেতারা অনুপ্রবেশ নিয়ে এত কথা বলেন, এবার ওঁদের আসল চরিত্র বাইরে এল। এদিকে, বিজেপি নেতা তাপস মিত্র বলেন, এই ঘটনার সঙ্গে দলের কোনও যোগ নেই।
সম্পর্কিত সংবাদ