Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

২০০২, ২০২৫ সালের ভোটার তালিকায় নাম মিলেছে মাত্র ৩৫ শতাংশ ভোটারের

বারাকপুর মহকুমায় ২০০২ এবং ২০২৫-এর ভোটার তালিকায় ৩৫ শতাংশ ভোটারের নাম মিলেছে। অর্থাৎ দু’টি তালিকাতেই রয়েছে এই ভোটারদের নাম।

২০০২, ২০২৫ সালের ভোটার তালিকায়  নাম মিলেছে মাত্র ৩৫ শতাংশ ভোটারের
  • ৪ নভেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: বারাকপুর মহকুমায় ২০০২ এবং ২০২৫-এর ভোটার তালিকায় ৩৫ শতাংশ ভোটারের নাম মিলেছে। অর্থাৎ দু’টি তালিকাতেই রয়েছে এই ভোটারদের নাম। এই পরিস্থিতিতে রীতিমতো উদ্বেগের পরিস্থিতি তৈরি হয়েছে মহকুমা এলাকায়। আজ, মঙ্গলবার থেকে স্পেশাল ইনটেনসিভ রিভিশনের ( এসআইআর) কাজ শুরু হবে। তার মধ্যে সোমবার নতুন মহকুমাশাসক হিসেবে দায়িত্বভার গ্রহণ করলেন দুর্গাপুরের এসডিও পদে থাকা সৌরভ চট্টোপাধ্যায়। বারাকপুরের এসডিও পদে থাকা সৌরভ বারিক আজ মঙ্গলবার স্বাস্থ্যদপ্তরে যোগ দেবেন। 

Advertisement

নতুন এসডিও দায়িত্ব নিয়েই ওসি (ইলেকশন) অনামিকা সাহা সহ নির্বাচন বিভাগের আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন। এসআইআর নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সেখানেই ম্যাচিং ভোটারের পরিসংখ্যান উল্লেখ করা হয়। বিএলও নিয়োগ থেকে শুরু করে ভোটার তালিকা সংক্রান্ত সমস্ত কাজের খুঁটিনাটি আলোচনা করেন তাঁরা। বুথ লেভেল অফিসাররা (বিএলও) যেন মঙ্গলবার থেকেই কাজে নেমে পড়েন, তা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন তিনি। দায়িত্বভার গ্রহণ করে এসডিও বলেন, ‘এখন প্রধান এবং একমাত্র কাজ হচ্ছে এসআইআর। তা যাতে নির্বিঘ্নে হয়, সেটাই দেখছি। ৩৫ শতাংশ ভোটারের ২০০২ এবং ২০২৫ ভোটার তালিকায় নাম মিলে গিয়েছে। বাকিরা কোথা থেকে এলেন, সেটা দেখা হবে। এর মধ্যে একটা বড় অংশ রয়েছে, যাঁদের ওই সময় ভোটাল তালিকায় নাম তোলার বয়স হয়নি। বাকিদের যথোপযুক্ত নথি জমা দিতে হবে।’ তবে মহাকুমা শাসকের আশ্বাস, সঠিক কাগজপত্র দেখাতে পারলে কোনও সমস্যা নেই। যদি কোনও মহিলা বিয়ে হয়ে এখানে আসেন, তাঁর বাপের বাড়িতে ভোটার তালিকায় নাম থাকলে এখানে নাম তুলতে কোনও সমস্যা হবে না। বিএলওরা প্রত্যেকের বাড়ি যাবেন। সবকিছু খতিয়ে দেখেই ভোটার তালিকায় নাম তোলা হবে।’

Advertisement
সম্পর্কিত সংবাদ