Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

এবিভিপির কর্মসূচিতে কর্মী-সমর্থক মাত্র ২০

এবিভিপির কর্মসূচিতে  কর্মী-সমর্থক মাত্র ২০
  • ২২ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি ও সংবাদদাতা : কর্মসূচি ঘোষণাই সার। লোক হল না এবিভিপি-র অভিযানে। চাকরি বাতিল, মুর্শিদাবাদে হাঙ্গামা ও সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছিল এবিভিপি। সোমবার ছিল কর্মসূচি। কিন্তু ঘোষিত কর্মসূচিতেও পাওয়া গেল না কর্মী ও সমর্থক। মাত্র ২০ জন কর্মী মিলে কাকদ্বীপ এসডিও অফিস অভিযানে নামল সংগঠন। একই ছবি হাওড়া ও বারাসতে। কাকদ্বীপ এসডিও অফিসে সকাল ১১টা থেকে প্রচুর পুলিস মোতায়েন করা হয়েছিল। কিন্তু কর্মী সংখ্যা কম থাকায় নির্ধারিত সময়ের প্রায় এক ঘণ্টা পর অফিসের সামনে এবিভিপি-র মিছিল এসে পৌঁছয়। মিছিল এসে পৌঁছতেই ধরা পড়ল একেবারেই ভিন্ন ছবি। বিশাল পুলিস বাহিনীর সামনে তখন দাঁড়িয়ে রয়েছেন মাত্র জনা ২০ এবিভিপি কর্মী। ফ্লেক্সে লেখা ছিল ডায়মন্ডহারবার জেলা। এবিভিপির এক নেতার দাবি, খুব কম সময়ের মধ্যে এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে। তাই সব কর্মী ও সমর্থকদের শামিল করা সম্ভব হয়নি। বারাসতে উত্তর ২৪ পরগনা জেলাশাসক দপ্তরের সামনে বিক্ষোভ দেখালেন আরএসএসের ছাত্র সংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের সদস্যরা। সেখানেও একই অবস্থা। পরে সংগঠনের চার প্রতিনিধি জেলাশাসকের কাছে ডেপুটেশন জমা দেন। দুপুরে হাওড়ার জেলাশাসকের দপ্তরের সামনে অবস্থান বিক্ষোভ করা হয়। পাশাপাশি জেলাশাসককে ডেপুটেশন দেওয়া হয়। উপস্থিত ছিলেন এবিভিপি এনইসি-এর সদস্য অরবিন্দ বাজপেয়ী সহ সংগঠনের অন্যান্য কর্মীরা।এদিকে, শিক্ষক নিয়োগ দুর্নীতির অভিযোগ তুলে বারাকপুরে ডিআই অফিসের সামনে বিক্ষোভ দেখাল বিজেপি। বিজেপি নেতা কর্মীরা মিছিল করে ডিআই অফিসের সামনে বিক্ষোভ দেখান। প্রাক্তন সাংসদ অর্জুন সিং রাজ্য সরকারকে তীব্র ভাষায় আক্রমণ করেন। সেই সঙ্গে ডিআই অফিসের তালা ঝুলিয়ে দেওয়ার হুমকি দেন। বিক্ষোভ সভায় বিজেপির জেলা সভাপতি মনোজ বন্দ্যোপাধ্যায়ের সহ অন্য নেতারাও ছিলেন।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ