তিরুবনন্তপুরম: অঙ্গনওয়াড়িতে এত্তো ‘পড়ার চাপ’। কিন্তু খাবার বলতে সেই একঘেয়ে ‘উপমা’। তা যেন আর গলা দিয়ে নামতে চায় না। উপমার জায়গায় একটু বিরিয়ানি আর চিকেন ফ্রাই পেলে বেশ হতো। হেলমেট মাথায় খেলনা বাইক নিয়ে খেলতে খেলতে এমনই আবদার করেছিল এক খুদে। কেরলের ছোট্ট শঙ্কুর সেই ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। আর তা নজরে এসেছে রাজ্যের স্বাস্থ্য, নারী ও শিশু কল্যাণ মন্ত্রী বীনা জর্জের। খুদের এমন আবদার তিনিও ফেলতে পারছেন না। অঙ্গনওয়াড়ির মেনুর বিষয়টি পর্যালোচনার আশ্বাস দিয়েছেন মন্ত্রী। আর এব্যাপারে শঙ্কুর বিরিয়ানির আবদারটিও মাথায় রাখা হবে বলে জানিয়েছেন তিনি।
Advertisement
সম্প্রতি ওই ভিডিও রেকর্ড করে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন শঙ্কুর মা। সেখানে অঙ্গনওয়াড়িতে উপমার বদলে বিরিয়ানি ও চিকেন ফ্রাইয়ের আবদার জানায় শঙ্কু। ঝড়ের গতিতে ছড়িয়ে পড়ে ভিডিওটি। শিশুটির আবদার পূরণের জন্য সোশ্যাল মিডিয়ায় ব্যবহারকারীদের অনেকেই আর্জি জানান। কেউ কেউ আবার শঙ্কুকে বিরিয়ানি খাওয়ানোর কথাও বলেন। এব্যাপারে মন্ত্রী বলেছেন, শিশুদের যথাযথ পুষ্টির কথা মাথায় রেখেই অঙ্গনওয়াড়িতে মেনু ঠিক করা হয়। বর্তমান সরকারের আমলেই অঙ্গনওয়াড়ির খাবারে দুধ ও ডিম দেওয়া শুরু হয়েছে। এছাড়াও নানা ধরনের খাবার দেওয়া হয়। তবে অবশ্যই আবারও মেনুর বিষয়টি পর্যালোচনা করা হবে।



