Bartaman Logo
২৫ আগস্ট, ২০২৬
বর্তমান / রাজ্য

পুরুলিয়া শহরে টোটোর জন্য ‘ওয়ান ওয়ে’ রুট চালু আজ

আজ, মঙ্গলবার থেকে পুরুলিয়া শহরের একাধিক রুটে টোটোর ‘ওয়ান ওয়ে’ রুট করার পাশাপাশি টোটো নিয়ন্ত্রনে শহরের একাধিক পদক্ষেপ নিচ্ছে জেলা পুলিশ।

পুরুলিয়া শহরে টোটোর জন্য ‘ওয়ান ওয়ে’ রুট চালু আজ
  • ৩০ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা,পুরুলিয়া: আজ, মঙ্গলবার থেকে পুরুলিয়া শহরের একাধিক রুটে টোটোর ‘ওয়ান ওয়ে’ রুট করার পাশাপাশি টোটো নিয়ন্ত্রনে শহরের একাধিক পদক্ষেপ নিচ্ছে জেলা পুলিশ। একাধিক রুটে আবার টোটো চলাচলের নির্দিষ্ট সময়ও ঠিক করে দেওয়া হয়েছে। সেই সঙ্গে ওই সময়ে টোটো কোনদিক থেকে কোনদিকে যেতে পারবে তাও নিশ্চিত করে বলা হয়েছে ওই নির্দেশিকাতে। ইতিমধ্যে এবিষয়ে শহরে পুলিশের পক্ষ থেকে মাইকিংও করা হয়েছে। 

Advertisement

পুরুলিয়া জেলা পুলিশ সূত্রে জানাগিয়েছে, এদিন সকাল ৯ টা থেকে টোটো সংক্রান্ত পুরুলিয়া শহরের জন্য বেশ কিছু নতুন বিধি নিষেধ শুরু হবে। জানা গিয়েছে, শহরের ভিক্টোরিয়া স্কুল মোড় থেকে পোষ্ট অফিস মোড় পর্যন্ত সকাল ৯ টা থেকে ১২ টা পর্যন্ত শুধুমাত্র ভিক্টোরিয়ার দিক থেকেই টোটো যাবে। উল্টো দিক থেকে টোটো আসবে না। পোষ্ট অফিস মোড় থেকে ভিক্টোরিয়া স্কুল মোড়ের দিকে আসতে হলে বিকল্প রুট ব্যবহার করতে হবে টোটো চালকদের। সেক্ষেত্রে বড় মসজিদ গলি,এসবিআই ব্যাঙ্ক মোড়,কোর্ট মোড় হয়ে রেজেস্ট্র অফিস মোড়,পেট্রোল পাম্প মোড় হয়ে ফরেস্ট অফিস সংলগ্ন বাসস্ট্যান্ডের পাশ দিয়ে ভিক্টোরিয়া স্কুল মোড়ে যাওয়া যাবে। অন্য বিকল্পও ব্যবহার করা যেতে পারে। তবে মূল রাস্তাতে ওঠার ক্ষেত্রে নিয়ম মেনেই চলতে হবে টোটোগুলিকে। এছাড়াও পিএনবি ব্যাঙ্ক মোড়ের দিক থেকে পুলিশ অফিস মোড়ের দিকে টোটো চলাচল বন্ধ। অন্যদিকে কোর্ট মোড় এবং রেজেস্ট্রি অফিস মোড় থেকে ডিএম অফিসের অভিমুখে টোটো চালানো যাবে না। আরও জানা গিয়েছে, রেজেস্ট্রি অফিস মোড় থেকে বাসস্ট্যান্ড হয়ে ইউনিয়ন ক্লাব মোড়ের দিকে টোটো চলাচল নিষিদ্ধ। সেই সঙ্গে ফরেস্ট অফিস সংলগ্ন বাসস্ট্যান্ড এলাকা থেকে ময়ূর হোটেল এবং এসবিএসটিসি বাসস্ট্যান্ডের দিকেও টোটো চলাচলে বিধিনিষেধ রয়েছে বলে জানা গিয়েছে। জেলা পুলিশের এক আধিকারিক বলেন, শহরকে যানজট মুক্ত করতে এবং অনিয়ন্ত্রিত টোটো চলাচল বন্ধ করতেই এই উদ্যোগ। আগামী দিনে আরও বেশ কিছু পদক্ষেপ নেওয়া হবে বলে জানান তিনি। 

Advertisement
সম্পর্কিত সংবাদ