Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

একের পর এক চুরি, চোরেদের আঁতুড়ঘর রূপনারায়ণপুর

চোরেদের আঁতুড়ঘর হয়ে উঠেছে সালানপুর থানার রূপনারায়ণপুর। সম্প্রতি ফের একটি দুঃসাহসিক চুরি হল। এবার চোরের তাণ্ডব হল হিন্দুস্থান কেবলসের প্রাক্তন কর্মীর বাড়িতে।

একের পর এক চুরি, চোরেদের আঁতুড়ঘর রূপনারায়ণপুর
  • ১৮ অক্টোবর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, আসানসোল: চোরেদের আঁতুড়ঘর হয়ে উঠেছে সালানপুর থানার রূপনারায়ণপুর। সম্প্রতি ফের একটি দুঃসাহসিক চুরি হল। এবার চোরের তাণ্ডব হল হিন্দুস্থান কেবলসের প্রাক্তন কর্মীর বাড়িতে। বৃহস্পতিবার সকালে শ্বশুরবাড়ি থেকে বাড়ি ফিরে গৃহকর্তা শুভাশিস তেওয়ারি দেখেন, তাঁর বাড়ি থেকে সর্বস্ব লুট হয়েছে। টাকা ও অলঙ্কারের পাশাপাশি নিজের পছন্দের শাড়িগুলিও চোরেরা নিয়ে গিয়েছে দেখে মাথায় হাত গৃহকর্ত্রী বীনা তেওয়ারির। 

Advertisement

জানা গিয়েছে, একদিন আগেই তাঁরা বাড়িতে তালা দিয়ে শ্বশুরবাড়ি গিয়েছিলেন। এদিন সকালে তাঁদের এলাকাবাসী জানায়, বাড়ির তালা ভেঙে চুরি হয়ে গিয়েছে। শুভাশিসবাবুরা বাড়ি ফিরে দেখেন, বাড়ির সামনে দিকে থাকা তিনটি দরজা ভেঙে চোরেরা ঢুকেছে। বাড়ির ভেতরে সব তছনছ। আলমারি বিভিন্ন ড্রয়ারের সব জিনিসপত্র ওলট পালট করে দিয়েছে চোরেরা। টাকা, অলঙ্কারের পাশাপাশি এটিএম কার্ড, শাড়ি সহ সব দামি জিনিস নিয়ে চম্পট দিয়েছে চোরেরা। বীনা দেবী আক্ষেপ করে বলেন, বাড়িতে গিয়ে দেখুন কোনও দামি জিনিস ওরা রেখে যায়নি। আমাদের পথে বসিয়েছে। শুভাশিসবাবু বলেন, প্রায় এক লক্ষ ২০ হাজার টাকা ও পাঁচ ভরি সোনাও লুট করেছে চোরেরা। ঘটনার খবর পেয়ে পুলিস এসে তদন্ত শুরু করেছে। 
এই ঘটনা ব্যতিক্রম নয়, রূপনারায়ণপুরবাসীর দাবি, শেষ ২০ দিনে পাঁচটি বড় চুরির ঘটনা ঘটল। টাকা, সোনা, রুপোর পাশাপাশি পোশাক, বাসন সবই লুট করে নিয়ে গিয়েছে। এই চোরের গ্যাং একবার কারও বাড়িতে ঢুকলে তিনি নিঃস্ব হয়ে যাচ্ছেন। কেন বার বার টার্গেট রূপনারায়ণপুর? সেখানেই উঠে এসেছে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য। রূপনারায়ণপুর হয়ে ওঠেছে চিত্তরঞ্জনের শেল্টার হাউস। রেল প্রশাসন যত অবৈধ বসবাসকারিদের উচ্ছেদ করছে তারা রূপনারায়ণপুরে এসে বসতি গড়ছে। মূলত এক শ্রেণির অসাধু নেতারা অর্থের বিনিময়ে হিন্দুস্থান কেবলসের কোয়ার্টারগুলিতে তাদের আশ্রয় দিচ্ছে। এই সুযোগে পাশ্ববর্তী ঝাড়খণ্ডের মিহিজাম থেকেও অনেকে এখানে বসবাস শুরু করছে। বেশির ভাগ ক্ষেত্রে পুলিশ প্রশাসনের কাছে তাঁদের কোনও নাম ঠিকানা নেই। এখানকার স্থায়ী বাসিন্দাদের অভিযোগ, এই ঘটনার যখন থেকে বাড়বাড়ন্ত হয়েছে তখন থেকেই চোরেদের উপদ্রব বেড়েছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগে সঙ্গে পুলিশের তদন্তরও মিল পাওয়া যাচ্ছে।
ডিসি সন্দীপ কাররা বলেন, এর আগেও একটি আন্তর্রাজ্য চোরের দল রূপনারায়ণপুরে চুরি করছিল। আমরা সেই গ্যাংটিকে ধরেছিলাম। এক্ষেত্রে অন্য একটি আন্তরার্জ্য গ্যাং এই কাজ করছে বলে জানা গিয়েছে। আমরা দ্রুত তাদের বিরুদ্ধে সাফল্য পাব। তৃণমূল ব্লক সহ সভাপতি ভোলা সিং বলেন, যাঁরা নতুন করে বসতি গড়ছে তাঁদের পরিচয়পত্র নেওয়ার বিষয়টি পুলিশকে জানিয়েছি। 

Advertisement
সম্পর্কিত সংবাদ