নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: চীনা মাঞ্জায় জখম হলেন এক ব্যক্তি। সোমবার দুপুরে ব্যান্ডেলের জিটি রোডের শরৎসরণিতে ঘটনাটি ঘটেছে। ইতিমধ্যেই চীনা মাঞ্জা নিয়ে বিভিন্ন মহলে আতঙ্কও ছড়িয়েছে। জানা গিয়েছে, জখম ব্যক্তির গলায় গুরুতর ক্ষত তৈরি হয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পেশায় পুরোহিত তালডাঙার বাসিন্দা হারাধন আচার্য এদিন ব্যান্ডেলের দিকে বাইক নিয়ে যাচ্ছিলেন। শরৎসরণিতে তিনি আচমকা পড়ে যান। স্থানীয়রা এবং অন্যান্য বাইক আরোহীরা তাঁর কাছে ছুটে আসেন। তখনও দেখা যায়, ওই ব্যক্তির গলা অনেকেটা কেটে গিয়েছে। তারপরেই এলাকায় থাকা চীনা মাঞ্জার বিষয়টি সামনে আসে। দ্রুত জখম হারাধনবাবুকে চুঁচুড়ার ইমামবাড়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তিনি বলেন, এদিন সাক্ষাৎ মৃত্যুর কবলে পড়েছিলাম। বরাতজোরে বেঁচে গিয়েছি। এনিয়ে নাগরিক থেকে প্রশাসনের মধ্যে সতর্কতা কবে বাড়বে, কে জানে। -চলছে শুশ্রুষা। নিজস্ব চিত্র



