Bartaman Logo
১২ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

‘ওয়ান নেশান ওয়ান ইউনিফর্ম’ চালু হতে চলেছে রাজ্যের পুলিশেও

‘ওয়ান নেশন ওয়ান ইউনিফর্ম’ চালু হতে চলেছে রাজ্যের পুলিশে। একই ধরনের পোশাকে যে কোনও প্রান্তের পুলিশকে যেমন সহজেই চিহ্নিত করা যাবে, যেমনই একাত্মবোধও গড়ে উঠবে বলে বিশেষজ্ঞরা বলছেন

‘ওয়ান নেশান ওয়ান ইউনিফর্ম’ চালু হতে চলেছে রাজ্যের পুলিশেও
  • ১২ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব  প্রতিনিধি, কলকাতা: ‘ওয়ান নেশন ওয়ান ইউনিফর্ম’ চালু হতে  চলেছে রাজ্যের পুলিশে। একই ধরনের পোশাকে যে কোনও প্রান্তের পুলিশকে যেমন সহজেই চিহ্নিত করা যাবে, যেমনই একাত্মবোধও গড়ে উঠবে বলে বিশেষজ্ঞরা বলছেন। তবে আইনশৃঙ্খলা রাজ্য তালিকাভুক্ত হওয়ায় পুলিশের বিভিন্ন পদাধিকারীদের পোশাক কী হওয়া উচিত তার একটি তালিকা তৈরি করে রাজ্যগুলির কাছে মতামত জানতে চাওয়া হয়েছে। নবান্নে এসেছে সেই চিঠি। সেগুলি জমা পড়লেই স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের দপ্তর এই পোশাক চালুর বিষয়ে লিখিত নির্দেশিকা জারি করবে বলে খবর। 

Advertisement

২০২২ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সমস্ত রাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রীদের সঙ্গে চিন্তন শিবিরে বক্তব্য রাখতে গিয়ে বলেন, আইনশৃঙ্খলা রক্ষা প্রতিটি রাজ্যের দায়িত্ব। তবে দেশের ঐক্য সংহতির কথা মাথায় রাখতে হবে। সেই কারণে এক দেশ এক ইউনিফর্মের পক্ষে সওয়াল করেন মোদি। এরপরই স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশে ব্যুরো অব পুলিশ রিসার্ট অ্যান্ড ডেভলপমেন্ট  সারা দেশের শান্তিরক্ষকদের ইউনিফর্মের অভিন্ন কাঠামো তৈরির কাজ শুরু করে। এই দপ্তর পশ্চিমবঙ্গ সহ দেশের সমস্ত রাজ্য  ও কেন্দ্রশাসিত অঞ্চল থেকে  পুলিশের ইউনির্মের ডিজাইন, খরচ ও ভাতার বিষয়ে বিবরণ সংগ্রহ করে। এরপর ব্যুরো অব পুলিশ রিসার্চ অ্যান্ড ডেভলপমেন্ট বিভিন্ন পদমর্যাদার জন্য পুলিশ কর্মীদের ইউনিফর্মের নকশা সমস্ত রাজ্যগুলিকে পাঠায়। সেখানে সিভিল (থানা) ও ট্রাফিক পুলিশের পোশাক আলাদা করা হয়েছে। 
রাজ্য পুলিশ সূত্রে খবর, কনস্টেবল, হেড কনস্টেবলরা পরবেন খাকি ও নীল রঙের টুপি, সিঙ্গল স্ট্রিং, খাকি বেল্ট ও কালো জুতো পরবেন। এএসআই ও সাব ইনস্পেক্টররা পরবেন খাঁকি টুপি, চামড়ার বেল্ট, গোড়ালি পর্যন্ত জুতো। এএসআইদের একটা স্ট্রিং ও এসআইদের দুটো স্ট্রিং থাকবে। থানার ইনস্পেক্টর এবং ডিএসপিরা পরবেন খাকি টুপি, নীল রঙের ডাবল স্ট্রিং, চামড়ার বেল্ট ও অক্সফোর্ড  ব্রাউন জুতো। অতিরিক্ত পুলিশ সুপারদের ক্ষেত্রে এই পোশাকের নকশা রখা হয়েছে নীল চুপি, নীল রঙের ডাবল স্ট্রিং, ব্রাউন রঙের চামড়ার বেল্ট ও একই রংয়ের অক্সফোর্ড জুতো। ট্রাফিক বিভাগের ক্ষেত্রে কনস্টেবল ও হেড কনস্টেবলদের টুপির রঙ হবে সাদা ও লাল, সাদা বেল্ট, কালো জুতো ও  লাল রঙের একটি স্ট্রিং থাকবে। এএসআই ও সাব ইনসপেক্টরদের ক্ষেত্রে  পোশাক হবে খাঁকি চুপি, সাদা বেল্ট, কালো জুতো ও খাঁকি রঙের দুটি স্ট্রিং থাকবে। ইনস্পেক্টর এবং ডিএসপিদের ক্ষেত্রে যথাক্রমে টুপি ও দুটি স্ট্রিংয়ের রঙ হবে খাঁকি ও নীল, ব্রাউন রঙের বেল্ট ও জুতো। থানা ও ট্রাফিকের অতিরিক্ত পুলিশ সুপারদের ক্ষেত্রে পোশাক একই থাকছে। স্বরাষ্ট্র মন্ত্রকে সূত্রের খবর, পোশাকের মূল রঙ, ডিজাইন এবং কাপড়ের গুণগতমান দেশজুড়ে একই থাকবে। একসঙ্গে প্রচুর কাপড় কেনায় অর্থের সাশ্রয় হবে। তবে পোশাক এক হলেও, প্রতিটি রাজ্যের পুলিশ তাদের নিজস্ব লোগো ও ব্যাজ ব্যবহার করতে পারবে।

Advertisement
সম্পর্কিত সংবাদ