সংবাদদাতা, বারুইপুর: চায়ের দোকানে কাজ করার সময় কুলতলির তৃণমূল কর্মী সেলিম খাঁ গুলিবিদ্ধ হয়েছিলেন। ঘটনার পাঁচদিন পর কুলতলি থানা অভিযুক্ত নুরউদ্দিন মোল্লাকে গ্রেফতার করেছিল। তাঁকে জিজ্ঞাসাবাদ চালিয়ে পুলিশ কেল্লা এলাকা থেকে আরও এক অভিযুক্তকে শুক্রবার পাকড়াও করল। ধৃতের নাম সাদ্দাম হাজরা। তার বাড়িতে তল্লাশি চালিয়ে রান্নাঘর থেকে উদ্ধার হয় একটি বোমা। পাওয়া গিয়েছে একটি বন্দুক। অভিযুক্তের ঘরে ঢুকে তাজ্জব বনে যায় পুলিশ। সেখান থেকে বাজেয়াপ্ত করা হয়েছে কুলতলি বিডিও অফিসের জাল স্ট্যাম্প সিল। যা জাল করে জমি জমা সংক্রান্ত কাজে ব্যবহার করত অভিযুক্ত। এদিকে, জাল স্ট্যাম্প সিল পাওয়ায় অবাক বিডিও সুচন্দ্রন বৈদ্য বলেন, কীভাবে ওখানে স্ট্যাম্প এল জানি না। কুলতলির তৃণমূল কর্মী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় এই নিয়ে মোট দু’জন গ্রেফতার হল।



