সংবাদদাতা, মানিকচক, হরিশ্চন্দ্রপুর ও পতিরাম: নাড়া পোড়ানোর জেরে অগ্নিকাণ্ডে চিন্তা বাড়ছে দক্ষিণ দিনাজপুর ও মালদহের বিভিন্ন এলাকায়।
সংবাদদাতা, মানিকচক, হরিশ্চন্দ্রপুর ও পতিরাম: নাড়া পোড়ানোর জেরে অগ্নিকাণ্ডে চিন্তা বাড়ছে দক্ষিণ দিনাজপুর ও মালদহের বিভিন্ন এলাকায়।
ভূতনিতে গমের জমিতে নাড়া পোড়ানোর আগুনে গত কয়েক দিনে পুড়ে ছাই হয়েছে প্রায় ৬০ বিঘার বেশি গমের খেত। মঙ্গলবার ফের নতুন করে নাড়ার আগুনে পুড়ল ১০টি আম গাছ সহ কয়েক বিঘার গম। প্রশাসন বারবার সচেতন এবং সতর্ক করলেও হুঁশ নেই স্থানীয়দের। ক্ষতির মুখে পড়ে ভূতনির বহু চাষি এবার প্রশাসনকে কঠোর পদক্ষেপ নেওয়ার আবেদন করলেন।
গত বছর বন্যা পরিস্থিতির কারণে পাট চাষে ব্যাপক ক্ষতি হয়েছিল চাষিদের। এবছর গমের ব্যাপক ফলন হওয়ায় খুশি ছিলেন তাঁরা। ইতিমধ্যে গম কাটতে শুরু করেছেন অনেকে। তার মধ্যেই অঘটন। দু’দিন আগে দক্ষিণ চণ্ডীপুরের ফুলহার নদী সংলগ্ন এলাকায় ৬০ বিঘা জমিতে নাড়া পোড়ান কিছু চাষি। সেই আগুন পার্শ্ববর্তী জমিতে মজুত থাকা কাটা গমে লেগে যায়। মাথায় হাত পড়ে স্থানীয় চাষি পিন্টু ঘোষের। দ্রুত স্থানীয়রা আগুন নেভাতে শুরু করেন। হাত লাগান ভূতনি থানার পুলিসকর্মীরাও। মঙ্গলবার দুপুরে ফের জমির নাড়া পোড়াতে গিয়ে আগুন লাগে মথুরাপুরের পাঠানপাড়ার আমচাষি মীর সৈয়দ আলীর ১০টি গাছে। তিনি বলেন, মানিকচক কৃষি দপ্তর বারবার নাড়া পোড়ানো নিয়ে সতর্ক করলেও কেউ কান দিচ্ছেন না। জরিমানা করার পরও একই অবস্থা।
মানিকচক ব্লক কৃষি দপ্তরের আধিকারিক বরীন্দ্র তালুকদার বলেন, প্রতিবছর চাষিদের সঙ্গে বৈঠক করে সচেতন ও সতর্ক করা হয়। তারপরও কেন নাড়া পোড়ানো হচ্ছে খতিয়ে দেখা হবে।
এদিকে, গম খেতের নাড়া পোড়াতে গিয়ে ঝলসে গেলেন এক ব্যক্তি। মঙ্গলবার দুপুরে ঘটনাটি ঘটেছে হরিশ্চন্দ্রপুর-১ ব্লকের রশিদাবাদ গ্রাম পঞ্চায়েতের বিধুয়া মাঠে। জখম মহম্মদ জালালুদ্দিন বিশেষ চাহিদাসম্পন্ন। তাঁর বাড়ি বিধুয়া গ্রামে। স্থানীয়দের দাবি, দুপুরে মাঠে নিজের জমিতে গমের নাড়ায় জালালুদ্দিন আগুন ধরিয়ে দেন। অসাবধানতার কারণে তাঁর জামায় আগুন ধরে গেলে ঝলসে যান। চিৎকার শুনে স্থানীয়রা ছুটে এসে তাঁকে উদ্ধার করে চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যান।
হরিশ্চন্দ্রপুর-১ ব্লকের কৃষি আধিকারিক পলাশ সিদ্ধা বলেন, গমের নাড়া না পোড়াতে কৃষকদের সচেতন করা হয়। প্রশাসনকে ব্যবস্থা নিতে বলব। এছাড়া, দক্ষিণ দিনাজপুরের পতিরামে নাড়া থেকে বিধ্বংসী আগুন লেগে প্রায় ২৫ বিঘা জমির গম পুড়ে ছাই হয়ে গিয়েছে। ঘটনায় শোরগোল পতিরাম থানার বোল্লা গ্রাম পঞ্চায়েতের মল্লিকপুর, বিকুচ, টাশল ও জগন্নাথবাটি গ্রামে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকলের ইঞ্জিন। কিন্তু ইঞ্জিন আগুনের কাছে যেতে পারেনি। পুলিস ও দমকলকর্মীরা ঝোপঝাড় কেটে ওই জমির মাঝে ফেললে তিন ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে।
খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছন ডিএসপি (সদর) বিক্রম প্রসাদ, পতিরাম থানার ওসি সৎকার সাংবো সহ বিশাল পুলিসবাহিনী। ডিএসপি বলেন, কীভাবে ওই আগুন লাগল তদন্ত শুরু হয়েছে।