সংবাদদাতা, চোপড়া: দুর্গার পর শ্যামা মায়ের আরাধনাও শেষ। বিভিন্ন জায়গায় চলছে কালী প্রতিমার নিরঞ্জন পর্ব। কিন্তু চোপড়ার হাপতিয়াগছ গ্রাম পঞ্চায়েতের আমবাড়ির মানুষ দেবী দুর্গার আরাধনায় মাতলেন বুধবার। উত্তর দিনাজপুর জেলার এই প্রান্তিক এলাকায় একদিনের দুর্গাপুজো হল ধুমধাম করে। কালীপুজোর পর দেবী দুর্গার আরাধনায় যেন উত্সবের মেজাজ আমবাড়িতে। হরিনাথগছ, খেরিবাড়ি, নয়াবাড়ি, তিস্তা কলোনি এবং পার্শ্ববর্তী আদিবাসীপাড়ার মানুষও সেই উত্সবে শামিল হয়েছেন। শতাব্দী প্রাচীন এই পুজোয় আনন্দে মেতে উঠলেন সবাই।
প্রবীণরা জানালেন, প্রতিবছর কালীপুজোর পরের দিন এখানে দুর্গাপুজো হয়। বহু যুগ ধরে এখানে কালীপুজোর পর দুর্গাপুজো হয়। আজও নিয়ম নিষ্ঠার সঙ্গে দুর্গার আরাধনা হচ্ছে।
চা বাগানে ঘেরা হাপতিয়াগছের এই আমবাড়ি গ্রাম। মাঝে অল্প জঙ্গল। জঙ্গলের একপ্রান্তে রয়েছে স্থায়ী দুর্গা মন্দির। এই মন্দিরে প্রতিবছর দেবী দুর্গা পূজিত হন। পুজো উপলক্ষ্যে দু’দিনের মেলা বসে। সারারাত ধরে চলে পালাগান। সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানও হয়। বৃহস্পতিবার রাত পর্যন্ত চলবে লোকনৃত্য ও পালাগান।
পুজো কমিটির সদস্য তপনকুমার সিংহ বলেন, শুধু মা দুর্গাই নন, হিন্দু ধর্মের চৌষট্টি রকমের দেবদেবতারও পুজো হয় এখানে। এখানে প্রতি একবছর পর প্রতিমার বিসর্জন দেওয়া হয়।
কমিটির সম্পাদক অশোককুমার সিংহ বলেন, পুজোয় দূরদূরান্ত থেকে বহু মানুষ আসেন। মানত করেন। এই পুজো কত বছরের পুরনো, তা কেউ নির্দিষ্ট করে বলতে পারেন না।
স্থানীয় বাসিন্দা মতিলাল সিংহর কথায়, দু’দিনের মেলায় ভিড় উপচে পড়ে। ‘বাঘচাবা’ নামে এক ধরনের ফল কেনার জন্য বহু মানুষ এই মেলায় আসেন। এই ফল জেলার অন্য কোথাও পাওয়া যায় না। অবিকল আলুর মতো দেখতে এই ফলের চাষ করেন এখানকার চাষিরাই। মেলায় এই ফল ব্যাপক বিক্রি হয়। মেলায় এই ফল সেদ্ধ করে বিক্রি হয়। দাম প্রতি কেজি প্রায় ২০০ টাকা।
এদিনের পুজোয় এসেছিলেন জলপাইগুড়ির সুশান্ত রায়। তিনি বলেন, প্রতিবছর পরিবার নিয়ে এই পুজোয় আসি। ফেরার পথে বাঘচাবা ফল কিনে নিয়ে যাই। এই ফল শুধু এখানেই পাই। অন্য কোথাও পাওয়া যায় না। নিজস্ব চিত্র