‘প্রতিবাদের নামে অনির্দিষ্টকাল জায়গা দখল করে রাখা যায় না’, দিল্লিতে বিক্ষোভ মামলায় মন্তব্য সুপ্রিম কোর্টের
  • ৪ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: প্রতিবাদের নামে অনির্দিষ্টকাল কোনো জায়গা অনির্দিষ্টকাল দখল করে রাখা যায় না। এমনই মন্তব্য করল সুপ্রিম কোর্ট। দিল্লির রামলীলা ময়দানে বিরোধীদের কর্মসূচির জন্য ক্ষতির মুখে পড়তে হচ্ছে— এই অভিযোগে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে ব্যবসায়ীদের একাধিক সংগঠন। মামলার শুনানিতে শীর্ষ আদালত জানায়, প্রতিবাদের অধিকার নিরঙ্কুশ নয় এবং ব্যবসার অধিকারের সঙ্গে বিষয়টিকে সামঞ্জস্যপূর্ণ হতে হবে। প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি বিপুল এম পাঞ্চোলির ডিভিশন বেঞ্চ বিষয়টি নিয়ে কেন্দ্র, দিল্লি সরকার, দিল্লি পুলিশ এবং সংশ্লিষ্ট সকল পক্ষকে নোটিস পাঠিয়েছে। এক সপ্তাহের মধ্যে জবাব দিতে বলা হয়েছে।

Advertisement

দিল্লির কিরানা কমিটি সহ একাধিক সংগঠনের তরফে আইনজীবী মুকুল রোহতাগি জানান, রামলীলা ময়দানের কাছেই দিল্লির প্রধান পাইকারি ও খুচরো বাজার। কিন্তু আন্দোলনের জন্য রাস্তায় ব্যারিকেড, গাড়ি ঘুরিয়ে দেওয়ার ফলে উত্সবের ভরা মরশুমে সেখানকার ব্যবসায় মারাত্মক প্রভাব পড়েছে। প্রতিবাদ কর্মসূচির জন্য কনট প্লেসের মতো এলাকায় ব্যবসা কার্যত স্তব্ধ হয়ে পড়ে। কয়েক হাজার কোটি টাকার ক্ষতির মুখে পড়েছেন ব্যবসায়ীরা। এই যুক্তিতে উত্সবের মরশুমে দু’মাস সব ধরনের প্রতিবাদ কর্মসূচির উপর নিষেধাজ্ঞা জারির আবেদনও করেন রোহতাগি। অন্যদিকে, সরকারের তরফে সলিসিটার জেনারেল তুষার মেহতা জানান, জুলাই মাসে সিজেপির আন্দোলনে একদিনের জন্য অনুমতি দেওয়া হয়েছিল। অথচ যন্তরমন্তর এলাকাটি দীর্ঘদিনের জন্য দখল করে রাখা হয়েছিল। এর প্রেক্ষিতে প্রধান বিচারপতি সূর্য কান্ত বলেন, ‘রামলীলা ময়দান একটি ঐতিহাসিক এলাকা। কিন্তু কেউ সারা জীবনের জন্য একটি জায়গা দখল করে রাখতে পারে না। তাহলে কৃষক, সাংবাদিকরা কোথায় যাবেন? প্রতিবাদ করার অধিকার সবারই আছে।’ শীর্ষ আদালত জানায়, নির্দিষ্ট সময়ের জন্য আন্দোলনের স্থান বরাদ্দ করতে হবে। যাতে কৃষক, শ্রমিক, ট্রেড ইউনিয়ন, গৃহহীন মানুষ এবং অন্যরাও তাদের প্রতিবাদের অধিকার প্রয়োগ করতে পারে।