Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

শিশুকে অপহরণের অভিযোগ, গ্রেপ্তার এক

চার বছরের শিশুকন্যাকে অপহরণের অভিযোগ উঠল। রাসবিহারী মোড় থেকে বুধবার বিকেলে ওই শিশুকে উদ্ধার করেছে টালিগঞ্জ থানা।

শিশুকে অপহরণের অভিযোগ, গ্রেপ্তার এক
  • ৬ ফেব্রুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: চার বছরের শিশুকন্যাকে অপহরণের অভিযোগ উঠল। রাসবিহারী মোড় থেকে বুধবার বিকেলে ওই শিশুকে উদ্ধার করেছে টালিগঞ্জ থানা। জাকির আলি খান নামে এক অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। ওই শিশুকে চুরি করে বিক্রি করা উদ্দেশ্য ছিল কি না খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, শিশুটির মা খিদিরপুর এলাকায় সবজি বিক্রি করেন। প্রতিদিন বাচ্চাকে সঙ্গে নিয়ে আসেন। বুধবারও তাকে নিয়ে এসেছিলেন। দোকানদারি করার সময় বাচ্চাটি তাঁর পাশেই বসেছিল। হঠাৎই খেয়াল করেন, সন্তান নেই। আশেপাশে মেয়েকে খুঁজে না পেয়ে তিনি চিৎকার শুরু করেন। তা শুনে স্থানীয়রা এগিয়ে আসেন। বিষয়টি ট্রাফিক গার্ডে জানানো হয়। রাসবিহারী মোড়ে কর্তব্যরত এক পুলিশকর্মী খেয়াল করেন, চারবছরের শিশুকে নিয়ে এক ব্যক্তি বাস থেকে নামছে। সন্দেহের বশে তাকে আটক করা হয়। পুলিশের সন্দেহ হয়, তাকে সে অপহরণ করে নিয়ে এসেছিল। এরপরই শিশুসহ ওই ব্যক্তিকে টালিগঞ্জ থানার হাতে তুলে দেওয়া হয়। পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করে। শিশুটিকে মায়ের কাছে ফিরিয়ে দেওয়া হয়। ধৃত পুলিশের জেরায় দাবি করেছে, শিশুটি খিদিরপুর এলাকায় বাসে উঠে পড়েছিল। সেও তখন ওই বাসে উঠছিল। বাচ্চাটি তাকে দেখে চলে আসে। রাসবিহারী মোড়ে নেমে সে আবার খিদিরপুর যেত বাচ্চাটিকে নিয়ে। শিশুটিকে মায়ের কাছে ফিরিয়ে দেওয়া তার উদ্দেশ্য ছিল। যদিও পুলিশের দাবি, তাই যদি হত তাহলে অনেক আগেই সে বাস থেকে শিশুটিকে নিয়ে নেমে যেত। এতদূর আসত না। সন্দেহ করা হচ্ছে, অন্য মতলব ছিল। অভিযুক্ত শিশু চুরির চক্রের সঙ্গে জড়িত কি না দেখা হচ্ছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ