নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: ফিক্সড ডিপোজিট করার নামে এক বৃদ্ধার ৭০ হাজার টাকা আত্মসাৎ করার অভিযোগে গ্রেপ্তার এক ব্যক্তি। ধৃতের নাম কুন্তল মুখোপাধ্যায়, বাড়ি কৃষ্ণনগরে। তাঁর কাছ থেকে বৃদ্ধার সেই খোয়া যাওয়া টাকাও উদ্ধার করে শুক্রবার ফেরানো হয় বিশেষভাবে সক্ষম ওই বৃদ্ধাকে। স্বাধীনতা দিবসের দিনই তাঁর জমানো টাকা ফেরত পেয়ে আপ্লুত বৃদ্ধা। পারুল বণিক নামে ওই বৃদ্ধা নিমতা থানার বেলঘরিয়ার প্রফেসরপল্লিতে থাকেন। ওই বৃদ্ধার দাবি, তিনি নদীয়ার কৃষ্ণনগরে কুন্তল মুখোপাধ্যায়ের বাড়িতে রান্নার কাজ করতে গিয়েছিলেন। ২০২২ সালের নভেম্বর মাস থেকে কুন্তল মুখোপাধ্যায়ের বাড়িতে রান্নার কাজের জন্য মাসিক এক হাজার টাকা বেতন-সহ থাকা ও খাওয়া পেতেন। একটি রাষ্ট্রায়ত্ব ব্যাঙ্কে তাঁর কিছু টাকা ছিল। অভিযুক্ত কুন্তল মুখোপাধ্যায় সেই অ্যাকাউন্ট ব্যাঙ্কটির কৃষ্ণনগর শাখায় স্থানান্তর করে দেন। সেই সময় তিনি পারুলদেবীকে বুঝিয়ে ফিক্সড ডিপোজিট করার জন্য অ্যাকাউন্ট থেকে ৭০ হাজার তুলেও নেন। বৃদ্ধার দাবি, কুন্তল সেই ফিক্সড ডিপোজিট আদৌ করেননি। গত বছরের ডিসেম্বর মাসে সেই টাকা চাইলে অভিযুক্ত কুন্তল পারুলদেবীকে গালমন্দ করে তাড়িয়ে দেন। এরপর বহুবার বৃদ্ধা কৃষ্ণনগরে গিয়ে টাকা চেয়ে দরবার করেছেন, কিন্তু কোনও ফল হয়নি। অবশেষে ১৮ জুন পারুলদেবী নিমতা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। তদন্তের ভিত্তিতে শুক্রবার নিমতা থানার পুলিস কুন্তল মুখোপাধ্যায়কে গ্রেপ্তার করে। এরপর আত্মসাৎ হওয়া ৭০ হাজার টাকাও উদ্ধার করা হয়।



