Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

দুই সদস্যের দলত্যাগ, ওন্দার বিজেপি পঞ্চায়েত তৃণমূলের

সোনামুখীর মানিকবাজারের পর বুধবার ওন্দার চিঙানি গ্রামপঞ্চায়েতের বিজেপির দুই সদস্য তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। এতে ওই পঞ্চায়েতে বিজেপি বোর্ড সংখ্যালঘু হয়ে পড়ল।

দুই সদস্যের দলত্যাগ, ওন্দার বিজেপি পঞ্চায়েত তৃণমূলের
  • ১১ সেপ্টেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, বিষ্ণুপুর: সোনামুখীর মানিকবাজারের পর বুধবার ওন্দার চিঙানি গ্রামপঞ্চায়েতের বিজেপির দুই সদস্য তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। এতে ওই পঞ্চায়েতে বিজেপি বোর্ড সংখ্যালঘু হয়ে পড়ল। ওই পঞ্চায়েত দখল কেবল সময়ের অপেক্ষা বলে দাবি করেছে তৃণমূল নেতৃত্ব। ১৩ সদস্য বিশিষ্ট চিঙানি পঞ্চায়েতে এতদিন বিজেপির ৭জন সদস্য ছিল। তৃণমূল কংগ্রেসের পাঁচজন এবং একজন আইএসএফের সদস্য ছিলেন। বুধবার তৃণমূল কংগ্রেসের বিষ্ণুপুর সাংগঠনিক জেলা পার্টি অফিসে বিজেপির দুই সদস্য তারাপদ পাল ও গণেশ মল্ল তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। দলের সাংগঠনিক জেলা সভাপতি সুব্রত দত্ত এদিন তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দেন। উপস্থিত ছিলেন দলের ওন্দা ব্লক সভাপতি উত্তম বিট সহ অন্যান্যরা।  

Advertisement

জেলা সভাপতি সুব্রতবাবু বলেন, বিজেপির নির্বাচিত সদস্যরা মানুষের ভোটে জিতলেও তাঁরা ওদের দলের কাছ থেকে কোনওরকম সহযোগিতা পাননি। সেই জন্য তাঁরা মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন যজ্ঞে শামিল হতে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন। কয়েকদিন আগে সোনামুখীর মানিকবাজার পঞ্চায়েতে আমরা সংখ্যাগরিষ্ঠ হয়েছি। ওইদিনই পূর্ব নবাসন গ্রাম পঞ্চায়েতের দুই সদস্য আমাদের দলে যোগদান করেছেন। বুধবার ওন্দার চিঙানি পঞ্চায়েতের দুই সদস্য যোগ দেওয়ায় এই পঞ্চায়েতটিও বিজেপির হাতছাড়া হচ্ছে। ২০২৬-এ বিষ্ণুপুর সাংগঠনিক জেলার সবক’টি বিধানসভা কেন্দ্র আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে তুলে দেব। 
তৃণমূলে যোগ দেওয়া চিঙানি গ্রাম পঞ্চায়েতের সদস্য তারাপদবাবু ও গণেশবাবু বলেন, এলাকার মানুষের উন্নয়ন করব বলে বিজেপির হয়ে পঞ্চায়েত সদস্য হয়েছিলাম। কিন্তু, মানুষের বিপদের দিনেও দলের কাছ থেকে কোনওরকম সহযোগিতা পাইনি। যাঁরা আমাদের ভোটে জিতিয়েছেন, তাঁদের উপকারে আসতে পারিনি। মানুষের উন্নয়নই যদি করতে না পারলাম তাহলে এই দলে থেকে কী লাভ? তাই আমরা তৃণমূল কংগ্রেসে যোগদান করলাম।
বিজেপির বিষ্ণুপুর সাংগঠনিক জেলার মুখপাত্র দেবপ্রিয় বিশ্বাস বলেন, তৃণমূল কংগ্রেস প্রশাসনের সাহায্যে ভয় দেখিয়ে আমাদের দলের গরিব পঞ্চায়েত সদস্যদের যোগদান করিয়েছে। এটা সাধারণ মানুষ মেনে নেবে না। মানুষ বিজেপিকেই ভোট দেবে। চিঙানি পঞ্চায়েত পুনরায় আমাদের দখলে আসবে। 
প্রসঙ্গত, ওন্দা ব্লকে ১৫টির মধ্যে কাটাবাড়ি, মাঝডিহা, চিঙানি, রামসাগর এবং ওন্দা-১ পঞ্চায়েত বিজেপির দখলে রয়েছে। তার মধ্যে চিঙানি গ্রামপঞ্চায়েতে ১৩টির মধ্যে বিজেপি ৭টি, তৃণমূল কংগ্রেস ৪টি, সিপিএম ১টি এবং আইএসএফ ১টি বুথে জেতে। যদিও ভোটের পরপরই সিপিএমের সদস্য তৃণমূলে যোগদান করেন। এদিন বিজেপির দুই সদস্য শাসকদলে যোগদান করেন। তার ফলে বর্তমানে তৃণমূল কংগ্রেসের সদস্য সংখ্যা সাত ও বিজেপির পাঁচ। এই অবস্থায় তৃণমূলের ওই পঞ্চায়েত দখল কেবল সময়ের অপেক্ষা।

Advertisement
সম্পর্কিত সংবাদ