নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ফিটনেসের মেয়াদ আগেই শেষ হয়েছে। ন’বছর ধরে হয়নি পুলিসের গাড়ির ধোঁয়া পরীক্ষা। নেই রেজিস্ট্রেশন ও ইনস্যুরেন্স সার্টিফিকেটও। বিধায়ক শওকত মোল্লার কনভয়ে থাকা কলকাতা পুলিসের এই পাইলট কারের ধাক্কায় মৃত্যু হয় এক বাইকচালকের। এরপরেই পুলিসের গাড়ির বেহাল অবস্থা নিয়ে চাঞ্চল্যকর সরকারি তথ্য প্রকাশ্যে আনে ‘বর্তমান’। সেই খবর প্রকাশিত হতেই বৃহস্পতিবার নড়েচড়ে বসল লালবাজার। খোদ পুলিস কমিশনার মনোজকুমার ভার্মা এই নিয়ে রিপোর্ট চেয়েছেন পাইলট গাড়ি অনুমোদনের দায়িত্বে থাকা কলকাতা পুলিসের বেতার (ওয়্যারলেস) বিভাগের কাছে। সূত্রের খবর, তিনি যুগ্ম কমিশনার (ওয়্যারলেস), নভেন্দ্র সিংকে চিঠি দিয়ে জানতে চেয়েছেন, কার নির্দেশে ফিটনেসের মেয়াদ উত্তীর্ণ গাড়ি বিধায়কের কনভয়ে পাইলট হিসেবে দেওয়া হয়েছিল? দ্রুত সেই রিপোর্ট লালবাজারে জানাতে হবে ওয়্যারলেস বিভাগের ইন-চার্জকে। উল্লেখ্য, ভিআইপি বা কোনও সরকারি কনভয়ের ক্ষেত্রে সংশ্লিষ্ট পুলিসের এলাকাভুক্ত রাস্তায় একটি করে পাইলট কার দেওয়া হয়। কলকাতা পুলিসের এলাকাভুক্ত হলে সেই পাইলট গাড়ির ব্যবস্থা করে ওয়্যারলেস বিভাগ।



