চণ্ডীগড়: শনিবার অমৃতসরের সীমান্ত লাগোয়া গ্রাম কামিরপুরা থেকে একটি চীনা ড্রোন উদ্ধার করল সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)। বিগত কয়েক বছরে পাঞ্জাবের ভারত-পাকিস্তান সীমান্তে প্রায়শই ড্রোন উদ্ধারের ঘটনা সামনে এসেছে। গোয়েন্দা সূত্রে খবর, ড্রোনের মাধ্যমে মাদক ও অস্ত্র পাঠানোর কৌশল নিয়েছে চোরাকারবারি ও পাকিস্তানের গুপ্তচর সংস্থাগুলি। সেকথা মাথায় রেখে আরও জোরদার করা হয়েছে নিরাপত্তা। এরই মধ্যে শনিবার উদ্ধার হল এই চীনা ড্রোন। গোয়েন্দা সূত্রে খবর পেয়ে শনিবার বিকেল ৫টা ৫০ মিনিটে তল্লাশি অভিযানে নামে বিএসএফ। কামিরপুরা গ্রামের একটি খেত থেকে ডিজেআই ম্যাভিক ৩ ক্লাসিক নামে একটি চীনা ড্রোন উদ্ধার করা হয়। উল্লেখ্য, এর আগে শুক্রবার অমৃতসরের সীমান্তবর্তী এলাকায় তল্লাশি চালিয়ে তিনটি পৃথক পৃথক এলাকা থেকে দু’টি ড্রোন ও ৫৭০ গ্রাম ওজনের এক প্যাকেট হেরোইন উদ্ধার করে বিএসএফ। গত বুধবারও অমৃতসরের পাশাপাশি টার্ন টারান এলাকা থেকে পাঁচটি ড্রোন, তিন প্যাকেট হেরোইন ও একটি পিস্তল উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া পাঁচটি ড্রোনের মধ্যে চারটি ডিজেআই ম্যাভিক ৩ ক্লাসিক ড্রোন এবং একটি ডিজেআই এয়ার ৩ ড্রোন রয়েছে।



