মুম্বইয়ের আন্ধেরি এলাকায় নিজের একটি ডুপ্লেক্স অ্যাপার্টমেন্ট বিক্রি করে দিলেন অমিতাভ বচ্চন। সূত্রের খবর, ৮৩ কোটি টাকার বিনিময়ে এই সম্পত্তি বিক্রি করেছেন অমিতাভ। পাঁচ হাজার স্কোয়ার ফুটের কিছু বেশি অংশ নিয়ে তৈরি এই অ্যাপার্টমেন্ট। ২৭ এবং ২৮ তলা জুড়ে ছিল অমিতাভের ফ্ল্যাট। জানা গিয়েছে, ২০২১-এর এপ্রিলে ৩১ কোটি টাকা মূল্যের এই অ্যাপার্টমেন্ট কিনেছিলেন তিনি। ওই বছরের শেষের দিক থেকে ১০ লক্ষ টাকা মাসিক ভাড়ার বিনিময়ে অভিনেত্রী কৃতী শ্যানন ওই অ্যাপার্টমেন্টে ভাড়াও থাকতেন। আপাতত ওই সম্পত্তি বচ্চন পরিবারের আর প্রয়োজন নেই। সেকারণেই তাঁরা বিক্রির সিদ্ধান্ত নিয়েছেন বলে খবর। যদিও এ নিয়ে প্রকাশ্যে অমিতাভ কোনও মন্তব্য করেননি।



