নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া ও হাওড়া: অমৃত ভারত প্রকল্পে বিভিন্ন স্টেশনের উন্নয়নের কাজ ও যাত্রী পরিষেবা খতিয়ে দেখলেন পূর্বরেলের জেনারেল ম্যানেজার মিলিন্দ দেউস্কর। বৃহস্পতিবার বিশেষ ট্রেনে একাধিক স্টেশন সফর করেন তিনি। রেল সূত্রে জানা গিয়েছে, মূলত আসানসোল পর্যন্ত একাধিক স্টেশনে তিনি সরেজমিনে খতিয়ে দেখেছেন। এদিন প্রথমেই তিনি লিলুয়া স্টেশনে যান। সেখানে দীর্ঘসময় পরিদর্শনের কাজ সেরে ব্যান্ডেলে আসেন। ব্যান্ডেল স্টেশনকে আন্তর্জাতিক মানের স্টেশন পরিণত করার কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে। সেই কাজের অগ্রগতি খতিয়ে দেখার পাশাপাশি স্থানীয় রেলকর্তাদের সঙ্গে কথা বলেন। তবে মিলিন্দ দেউস্কর সংবাদমাধ্যমের মুখোমুখি হননি। ব্যান্ডেল স্টেশনের এক কর্তা বলেন, জেনারেল ম্যানেজার স্টেশন উন্নয়নের কাজের গতি খতিয়ে দেখেছেন।



