Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

অমরাবতী মাঠে খুলি উদ্ধার ঘিরে চাঞ্চল্য এলাকায়

অমরাবতী মাঠে খুলি উদ্ধার ঘিরে চাঞ্চল্য এলাকায়
  • ২১ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, বরানগর: অমরাবতী মাঠে মানুষের মাথার খুলি উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। শহরের কেন্দ্রে কীভাবে ওই খুলি এল, তা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে। খড়দহ থানার তরফে জানানো হয়েছে, খুলিটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে।
Advertisement
অমরাবতী মাঠের একাংশে মেলা হলেও বড় অংশ দীর্ঘদিন ধরে জঙ্গল হয়ে পড়ে রয়েছে। একাংশে আবার আবর্জনা ফেলা হয়। সম্প্রতি বহুতল তৈরির জন্য এই মাঠ হস্তান্তর করা নিয়ে জলঘোলা শুরু হয়েছে। তার মধ্যেই মাঠ পরিষ্কারের কাজ শুরু হয়েছে। বুধবার বিকেলে ওই কাজ চলার সময় শ্রমিকরা জঙ্গলের মধ্যে আচমকা একটি মাথার খুলি দেখতে পান। বৃহস্পতিবার এনিয়ে হইচই শুরু হতে খড়দহ থানার পুলিস ওই খুলি উদ্ধার করে নিয়ে যায়। কিন্তু এই মাঠে খুলি এল কীভাবে, তা নিয়ে হইচই শুরু হয়। কারণ, এই মাঠে আগে একটি স্বেচ্ছাসেবী সংস্থার হোম ছিল। তাছাড়া শহরের কেন্দ্রে অবস্থিত হওয়ার জন্য নানান অনুষ্ঠান, সভা ও খেলাধুলা হয়। মাঠ লাগোয়া শ্মশান বা কবরস্থান নেই। বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে থেকেও বহু দূরে এই মাঠ। মাঠের চারপাশ জনবহুল। ফলে এই মাঠে মাথার খুলি কোথা থেকে এল, তা নিয়ে বিস্তর চাপানউতোর শুরু হয়েছে। পানিহাটি পুরসভার চেয়ারম্যান তথা স্থানীয় কাউন্সিলার মলয় রায় বলেন, ওই মাথার খুলিটি দেখে মনে হচ্ছে, তা বহু পুরনো। তবে তা এই মাঠে কীভাবে এল, সেটাই বড় প্রশ্ন। আমরাও পুলিসকে সমস্ত কিছু খতিয়ে দেখতে বলেছি।
Advertisement
সম্পর্কিত সংবাদ