Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / ব্ল্যাকবোর্ড

অমর প্রেম

অমর প্রেম
  • ১০ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
প্রথম রেকর্ডিংয়ের সময় মনে হয়েছিল, কণ্ঠস্বর অত্যন্ত ভারী। তাই একসঙ্গে কাজ করতে রাজি হননি। তবে পরবর্তীতে সেই মানুষটির ভালোবাসা বদলে দিয়েছিল জীবন। বিয়েও করেছিলেন দু’জনে। একসঙ্গে গজলকে এক নতুন আঙ্গিকে তুলে ধরলেন আমজনতার কাছে। জলসাঘর আর ড্রয়িং রুমের চাকচিক্য থেকে নিয়ে এলেন খোলা মঞ্চে। জগজিৎ ও চিত্রা সিংয়ের এই প্রেম কাহিনি কোনও রূপকথার গল্পের চেয়ে কম কিছু নয়। 
Advertisement
ছয়ের দশক। সঙ্গীত জগতে নিজেকে প্রতিষ্ঠিত করার চেষ্টা চালাচ্ছেন যুবক জগজিৎ। ১৯৬৫ সালে বাড়ি ছেড়ে পাড়ি দেন স্বপ্ননগরী মুম্বইয়ে। প্রথমে বিজ্ঞাপনের জিঙ্গল গাইতেন। ধীরে ধীরে প্লেব্যাকের সুযোগ আসে। এমন এক সময় তাঁর সঙ্গে চিত্রা দত্তর প্রথম সাক্ষাৎ। তিনি তখন নামী বিজ্ঞাপন সংস্থার পদস্থ কর্মী দেবপ্রসাদ দত্তর স্ত্রী। একদিকে স্বামীর সঙ্গে নিত্য অশান্তি। অন্যদিকে সঙ্গীতশিল্পী হিসেবে নিজেকে প্রকাশ করার জেদ। তাই ব্যক্তিগত জীবনের যাবতীয় অন্ধকারকে দূরে সরিয়ে স্টুডিওতে গান রেকর্ড করতে যেতেন। গানই যে ছিল জীবনের সবকিছু। সেই স্টুডিওতেই প্রথমবার জগজিতের সঙ্গে আলাপ। প্রথমে জগজিতের সঙ্গে গাইতে চাননি চিত্রা। কিন্তু পরে এই যুবকের ব্যবহার তাঁকে মুগ্ধ করেছিল। ১৯৬৮ সালে স্বামীকে ছেড়ে আলাদা থাকতে শুরু করলেন চিত্রা। সঙ্গে মেয়ে মণিকা। কিন্তু তখনও জগজিতের বিয়ের প্রস্তাবে রাজি হননি। এমন সময় জগজিৎ দেখা করলেন দেবপ্রসাদের সঙ্গে। তাঁর কাছে চিত্রাকে বিয়ে করার অনুমতি নিলেন। ১৯৬৯ সালে মেয়ের অভিভাবকত্বের অধিকার নিশ্চিত করেন চিত্রা। সেই বছরেই স্বামীকে ডিভোর্স দিয়ে জগজিতকে বিয়ে করেন তিনি। আর ফিরে তাকাতে হয়নি। বিয়ের পর সঙ্গীতকেই ধ্যান-জ্ঞান করে তুলে তুলেছিলেন জগজিৎ-চিত্রা। গত ৮ ফেব্রুয়ারি ছিল জগজিৎ সিংয়ের জন্মদিন।
Advertisement
সম্পর্কিত সংবাদ