তারকাখচিত। সঞ্জয়লীলা বনশালী পরিচালিত ‘লাভ অ্যান্ড ওয়ার’ ছবির জন্য এই বিশেষণই সবচেয়ে উপযুক্ত। ভিকি কৌশল, রণবীর কাপুর, আলিয়া ভাট রয়েছেন মুখ্য চরিত্রে। ক্যামিও চরিত্রে দেখা যেতে পারে দীপিকা পাড়ুকোনকে। শোনা যাচ্ছে, তারকাখচিত এই সিনেমায় দেখা যাবে অল্লু অর্জুনকেও! এ বিষয়ে কোনও আনুষ্ঠানিক ঘোষণা না হলেও বলি পাড়ার সাম্প্রতিক জল্পনা এমনই। পর্দার ‘পুষ্পা’ কয়েকদিন আগেই নাকি সঞ্জয়লীলার অফিসে গিয়েছিলেন। তাঁদের মধ্যে কী আলোচনা হয়েছে, তা অবশ্য স্পষ্ট নয়। তবে বলি পাড়ায় রটনা, সঞ্জয়লীলার আসন্ন ছবিতে দেখা যেতে পারে প্যান ইন্ডিয়ার সুপারস্টারকে। সদ্য নতুন লুকে ধরা দিয়েছেন অল্লু। তা এই ছবির জন্যই কি না, সে প্রশ্নও উঠছে। এই জল্পনা সত্যি হলে, ‘লাভ অ্যান্ড ওয়ার’ ছবি ঘিরে দর্শকের উন্মাদনা যে বাড়বে, তা বলাই বাহুল্য।



