নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: পুরনো বিবাদের জেরে এক মাংস ব্যবসায়ীর গলায় ছুরি চালিয়ে চম্পট দিল আরেক ব্যবসায়ী। বুধবার দুপুরের পরে শ্রীরামপুরের ধর্মতলা বাজারের কাছে ওই ঘটনা ঘটেছে। ঘটনার জেরে গুরুতর জখম ব্যবসায়ী আব্দুল কুরেশিকে প্রথমে শ্রীরামপুর ওয়ালশ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হওয়ায় তাঁকে কলকাতার একটি মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়েছে। তিনি শ্রীরামপুরের পম্পানগরের বাসিন্দা।
হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, ওই ব্যবসায়ীর গলার একাধিক অংশ ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর ক্ষতিগ্রস্ত হয়েছে। তাঁর শ্বাসকষ্টের সমস্যা তৈরি হওয়ার কারণেই রেফার করা হয়েছে। এদিকে, ঘটনার পরপরই পালিয়ে গেলেও পুলিস অভিযুক্ত ব্যবসায়ী মকসুদ আলমকে গ্রেপ্তার করেছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পুলিস ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ধর্মতলা ১৮ নম্বর মিল গেটের কাছে আব্দুল ও মকসুদ দু’জনেরই মাংসের দোকান ছিল। দু’জনেই মুরগির মাংস বিক্রি করতেন। সম্প্রতি দু’জনের মধ্যে ব্যবসায়িক বিবাদ হয়। তারপরেই নানা স্থানে মকসুদের দোকানের বৈধতা নিয়ে অভিযোগ করেন আব্দুল। এর জেরে কিছুদিন আগে মকসুদের দোকান বন্ধ হয়ে যায়। অভিযোগ, তারই জেরে এদিন আব্দুলের উপরে প্রাণঘাতী হামলা চালায় মকসুদ। জানা গিয়েছে, এদিন দুপুরের পর বাজারে ভিড় বিশেষ ছিল না। দোকানে একাই বসেছিলেন আব্দুল। সেই সময় আচমকা দোকানে হামলা চালায় মকসুদ। ছুরি দিয়ে আব্দুলের গলায় একাধিক আঘাত করে। তারপরেই রক্তাক্ত আব্দুলকে ফেলে রেখে পালিয়ে যায়। অন্য ব্যবসায়ীরা আব্দুলের চিৎকারে ছুটে এসে তাঁকে উদ্ধার করে। শ্রীরামপুর থানার পুলিস জানিয়েছে, ধৃতের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা করা হয়েছে। পুরনো শত্রুতার জেরেই হামলা হয়েছে। তবে পূর্ণাঙ্গ তদন্ত করা হচ্ছে। - নিজস্ব চিত্র