নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ওয়াকফ সংক্রান্ত সংসদীয় যৌথ কমিটির মধ্যে বিদ্রোহ। কমিটির চেয়ারম্যান তথা বিজেপির এমপি জগদম্বিকা পালের বিরুদ্ধে সরব বিজেপি বিরোধী এমপিরা। লোকসভার স্পিকার ওম বিড়লাকে চিঠি লিখে সোচ্চার হয়েছেন তাঁরা। ওয়াকফ কমিটির বৈঠক ডাকা থেকে শুরু করে কাদের ডাকা হবে, সব সিদ্ধান্তই প্রায় একাই নিচ্ছেন চেয়ারম্যান। কমিটির সদস্যদের সঙ্গে আলোচনাও করছেন না বলেই অভিযোগ। তাই হয়, তাঁদের কথা শুনতে হবে, আলোচনা করতে হবে, নয়ত তাঁরা এই কমিটি থেকেই সরে যাবেন তাঁরা। এই মর্মেই স্পিকারকে চিঠি দিয়ে চাপে ফেলেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, নাদিমুল হক, আসাদউদ্দিন ওয়েসি, এ রাজা, এম এম আবদুল্লা, সঞ্জয় সিংয়ের মতো এমপিরা।
Advertisement
বিরোধীদের চিঠি পেয়েই লোকসভার স্পিকার ওম বিড়লা মুখোমুখি অভিযোগ শুনতে রাজি হয়েছেন। আজ, মঙ্গলবার বিরোধীদের সাক্ষাতের সময় দিয়েছেন তিনি। বিরোধী সাংসদরা চিঠিতে লিখেছেন, নতুন বিলে প্রায় ১০০টি সংশোধনী আছে। অথচ সরকার বলছে মাত্র ৪৪। এভাবে অহেতুক নতুন বিল এনে ওয়াকফ বোর্ডকেই কার্যত গুরুত্বহীন করার চেষ্টা হচ্ছে। পাশাপাশি সংখ্যালঘুদের অধিকার খর্ব করা হচ্ছে। ওয়াকফ সংক্রান্ত সরকারের নতুন বিল নিয়ে সোমবারও চর্চা হয়েছে। আজ মঙ্গলবারও রয়েছে সংসদীয় যৌথ কমিটির বৈঠক। এদিনের বৈঠকে মুসলিম মহিলা বুদ্ধিজীবীদের ডাকা হয়েছিল। সেখানে তাঁরা এই বিল আনার কোনও যৌক্তিকতা দেখতে পারেননি বলেই খবর। স্রেফ অভিযোগের সুরে বলেছেন, ওয়াকফ বোর্ডে অনেক দুর্নীতি হয়। কিন্তু কী দুর্নীতি হয়, কোথায় হচ্ছে, নির্দিষ্ট করে তা জানতে চেপে ধরেন তৃণমূলের কল্যাণ এবং নাদিমুল। যদিও তা এই বুদ্ধিজীবীরা নির্দিষ্ট করে জানাতে পারেননি।



