Bartaman Logo
১২ জুলাই, ২০২৬

ওয়াকফ বিল: ভাড়াটেদের উচ্ছেদ-শঙ্কা রোধে আইনের সুপারিশ যৌথ কমিটির

ওয়াকফ বিল: ভাড়াটেদের উচ্ছেদ-শঙ্কা রোধে আইনের সুপারিশ যৌথ কমিটির
  • ২৯ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ওয়াকফ সম্পত্তিতে ভাড়াটেদের উচ্ছেদ আশঙ্কা দূর করতে উপযুক্ত আইন আনা উচিত। নিশ্চিত করতে হবে দীর্ঘমেয়াদি লিজ। নতুন ওয়াকফ বিল সংক্রান্ত সংসদীয় যৌথ কমিটি এমনটাই সুপারিশ করতে চলেছে। একইসঙ্গে আদিবাসীদের জমি যাতে কোনওভাবেই আচমকা ওয়াকফ সম্পত্তি ঘোষণা করে দখল না নেওয়া হয়, তা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের সুপারিশ করা হচ্ছে। বিরোধীদের আপত্তি সত্ত্বেও আজ বুধবার গৃহীত হবে ওয়াকফ সংক্রান্ত সংসদীয় যৌথ কমিটির খসড়া রিপোর্ট। ৬৫৫ পাতার খসড়া রিপোর্টে উল্লেখিত দুই সাধারণ সুপারিশ (জেনারেল রেকমেন্ডেশন) করা হয়েছে। বলা হয়েছে, ওয়াকফ সম্পত্তিতে ভাড়াটেদের উচ্ছেদ ও ভাড়া বাড়ানো নিয়ে আশঙ্কা থাকে। এই আশঙ্কা দূর করার পাশাপাশি ওয়াকফ বোর্ড ও ভাড়াটের মধ্যে সুসম্পর্ক, সমন্বয়ে জোর দেওয়ার প্রস্তাব দিচ্ছে কমিটি। সংখ্যালঘু মন্ত্রককে প্রস্তাব দেওয়া হচ্ছে, দীর্ঘ মেয়াদি লিজ সংক্রান্ত আইন আনার। উল্লেখিত দুই প্রস্তাবে সরকার বা বিরোধী কারও আপত্তি নেই বলেই জানা গিয়েছে। 
Advertisement
বিলের বহু অংশে বিরোধীদের আপত্তি রয়েছে ঠিকই। কিন্তু তাদের সেই আপত্তি গ্রাহ্য করা হয়নি বলেই অভিযোগ। ওয়াকফ সংক্রান্ত সংসদীয় কমিটির চেয়ারম্যান জগদম্বিকা পাল বিরোধীদের বলতে দেননি। এমন অভিযোগ তুলে সরব কল্যাণ বন্দ্যোপাধ্যায়, এ রাজা, অরবিন্দ সওয়ান্ত, আসাদউদ্দিন ওয়েসি, গৌরব গগৈরা। আজ খসড়া রিপোর্ট গ্রহণ করে লোকসভার স্পিকারকে পাঠানোর জন্য সকাল ১০ টায় বৈঠক ডাকা হয়েছে। খসড়া রিপোর্টের অনেকাংশে তাঁদের আপত্তি রয়েছে বলে ‘ডিসেন্ট নোট’ জমা দেবেন বিরোধী দলের সাংসদরা। 
২০২৪ সালের ২২ আগস্ট সংসদীয় যৌথ কমিটির প্রথম বৈঠক হয়। শেষ বৈঠক হয়েছে গত ২৭ জানুয়ারি।
Advertisement
সম্পর্কিত সংবাদ