ফের জুটি বাঁধছেন অজয় দেবগণ ও অক্ষয় কুমার। সদ্য মুক্তিপ্রাপ্ত ‘সিংহম এগেন’ ছবিতে দু’জনকে দেখা গিয়েছিল। ফের একটি ছবিতে একসঙ্গে কাজ করবেন তাঁরা। তবে এবার একটু অন্য ভূমিকায়। অজয় বসছেন পরিচালকের আসনে। আর মুখ্য চরিত্রে থাকছেন অক্ষয়। পরিচালক হিসেবে আগেই দর্শকের মন জয় করেছেন অজয়। ‘ইউ মি অউর হাম’, ‘শিবায়’, ‘রানওয়ে ৩৪’ ও ‘ভোলা’— এই চারটি ছবি পরিচালনা করেছিলেন তিনি। সবক’টিতেই মুখ্য ভূমিকায় দেখা গিয়েছিল অজয়কেই। এই প্রথমবার অন্য কোনও অভিনেতাকে মুখ্য চরিত্রে পরিচালনা করবেন অভিনেতা। সদ্য এক অনুষ্ঠানে এই ঘোষণা করেছেন তাঁরা। যদিও ছবিটি কোন ঘরানার, তা এখনই বিস্তারিত জানাতে নারাজ অজয় বা অক্ষয়। পাশাপাশি অক্ষয় ছাড়া আর কারা এই ছবিতে থাকছেন তাও জানা যায়নি। তাঁদের বক্তব্য, সঠিক সময়ে জানানো হবে সবকিছু। উক্ত অনুষ্ঠানে বলিউড ইন্ডাস্ট্রির সমালোচনাও করতে শোনা যায় তাঁদের। দু’জনেই ইন্ডাস্ট্রির বড় নাম। তাই দক্ষিণী ইন্ডস্ট্রি কেন এগিয়ে যাচ্ছে, সেই প্রশ্ন করা হয়েছিল। উত্তরে অক্ষয় বলেন, ‘আমাদের মধ্যে একতার অভাব রয়েছে। অজয় জানান, ‘আমারও সেটাই মনে হয়। মুম্বই ফিল্ম ইন্ডাস্ট্রি ঐক্যবদ্ধ নয়। আমি সবসময় চেয়েছি সকলে যেন একজোট হয়। আমাদের সময়ে যখন যাঁর দরকার পড়েছে একে-অপরের পাশে থেকেছি। তবে নবীনদের মধ্যে এই বোধটা নেই।’ পাশাপাশি উঠে এসেছে সম্মানের অভাবের প্রসঙ্গও। এই কারণে বলিউডের তুলনায় দক্ষিণী ইন্ডাস্ট্রি অনেকাংশে এগিয়ে গিয়েছে বলে মনে করেন তাঁরা।



