Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

মাটি পাচার রুখতে গিয়ে মাফিয়াদের হাতে আক্রান্ত আধিকারিক, গ্রেপ্তার ১

মাটি মাফিয়াদের দৌরাত্ম্যে উত্তপ্ত হল তপন ব্লকের মাঝিখণ্ডা চৌমোহনী এলাকা।

মাটি পাচার রুখতে গিয়ে মাফিয়াদের হাতে আক্রান্ত আধিকারিক, গ্রেপ্তার ১
  • ৮ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, তপন: মাটি মাফিয়াদের দৌরাত্ম্যে উত্তপ্ত হল তপন ব্লকের মাঝিখণ্ডা চৌমোহনী এলাকা। সোমবার ঘটনার সময় সরকারি দায়িত্বে থাকা আধিকারিকদের উপর চড়াও হওয়ার অভিযোগ উঠল মাফিয়াদের বিরুদ্ধে। ঘটনায় এক অভিযুক্তকে গ্রেপ্তার করেছে তপন থানার পুলিস। এছাড়াও চারটি মাটি বোঝাই ট্রাক্টর আটক করে থানায় নিয়ে যাওয়া হয়েছে। 

Advertisement

সূত্রের খবর, চৌমোহনীতে একটি পুকুর সংস্কারের কাজ চলছিল। সেখানে অবৈধভাবে মাটি কাটার অভিযোগ পেয়ে অভিযান চালাতে আসে বালুরঘাট মহকুমা প্রশাসনের একটি দল। সেই সময় একটি ট্রাক্টরের নম্বর প্লেট না থাকায় চালককে জিজ্ঞাসাবাদ শুরু করেন আধিকারিকরা। তখনই আচমকা উত্তেজনা ছড়ায়। অভিযোগ, আধিকারিকদের ঘিরে ধরে বচসায় জড়িয়ে পড়েন অভিযুক্তরা। পরে আধিকারিকদের ধাক্কাধাক্কি করা হয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে খবর দেওয়া হয় পুলিসকে। তপন থানার পুলিস পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে একজনকে ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করে। এরপর তপন থানার আইসি জনমেরি ভিয়ান্নে লেপচা এবং তপনের বিডিও তীর্থঙ্কর ঘোষকে নিয়ে চৌমোহনী এলাকায় অভিযান চালান অতিরিক্ত জেলাশাসক (ভূমি সংস্কার) হারিস রশিদ। সেখান থেকে চারটি মাটি বোঝাই ট্রাক্টর আটক করা হয়।  ঘটনার সঙ্গে জড়িত অন্য অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিস। 
স্থানীয়দের দাবি, এই এলাকায় দীর্ঘদিন ধরেই কিছু মাটি মাফিয়া সক্রিয় রয়েছে। তারা প্রশাসনের চোখ এড়িয়ে মাটি কেটে পাচার করে থাকে। স্থানীয়রা কয়েকবার বাধা দিলে তাঁদের হুমকি দেওয়া হয়। পুলিস ও প্রশাসনের যৌথ উদ্যোগে এই ধরনের কাজের বিরুদ্ধে লাগাতার অভিযান চলবে বলেই প্রশাসন সূত্রে জানা গিয়েছে।
কিছুদিন আগে তপনের বাসুরিয়াতেও বালি ও মাটি মাফিয়াদের বিরুদ্ধে অভিযান চালাতে গিয়ে বাধার মুখে পড়তে হয়েছিল আধিকারিকদের। ফের সরকারি আধিকারিকদের ওপর চড়াও হওয়ার ঘটনায় প্রশাসন কড়া পদক্ষেপ নেওয়ার কথা ভাবছে।
এবিষয়ে অতিরিক্ত জেলাশাসক বলেন, রুটিনমাফিক আমাদের টিম আজ অভিযানে গিয়েছিল। মাটি নিয়ে যাওয়ায় ট্রাক্টর আটক করে জিজ্ঞাসাবাদ করা হলে আধিকারিকদের বাধার মুখে পড়তে হয়। আধিকারিকরা তপন থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। পরে আমি আইসি এবং বিডিওকে নিয়ে ওই এলাকায় গিয়েছিলাম। পুলিসকে কড়া পদক্ষেপ নিতে বলা হয়েছে। এলাকায় টহলদারি বাড়ানো হবে।
তপন থানার আইসি বলেন, একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে যে ট্রাক্টরগুলি আটক করে থানায় আনা হয়েছে, সেগুলি এই ঘটনার সঙ্গে জড়িত নয়। ওই ট্রাক্টরগুলি অন্য জায়গার। আমরা পরিস্থিতির উপর কড়া নজর রাখছি।  নিজস্ব চিত্র।

Advertisement
সম্পর্কিত সংবাদ