Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

ওদলাবাড়ি থেকে আনা বালিতে মিলল মর্টার, চাঞ্চল্য ফুলবাড়িতে

ওদলাবাড়ি থেকে আনা বালিতে মিলল মর্টার, চাঞ্চল্য ফুলবাড়িতে
  • ১৮ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: ২০২৩ সালের মালবাজার মহকুমায় মর্টারশেল  ফেটে শিশুমৃত্যুর আতঙ্ক ফিরল শিলিগুড়িতে। সোমবার সকালে শিলিগুড়ির ফুলবাড়ির ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকায় অবস্থিত ভুটানের গাড়ির স্ট্যাণ্ডে মিলল একটি তাজা মর্টারশেল। যা দেখে আতঙ্কিত এলাকাবাসীদের একাংশ। ওই এলাকায় জমা করা বালি-পাথরের মাঝেই ওই মর্টারশেলটি পড়েছিল। সেটাই এক ব্যক্তির চোখে পড়ে সেটি। এরপরই খবর পাঠানো হয় নিউ জলপাইগুড়ি থানায়। পুলিস সেনাবাহিনীর গোয়েন্দা বিভাগকে খবর দেয়। এরপর পুলিস, সেনাবাহিনী ঘটনাস্থলে আসে। মর্টারশেলটি ভালোভাবে পরীক্ষা করে বালির বস্তা দিয়ে ঢেকে দেয়। মঙ্গলবার বোম্বস্কোয়াড এসে ওই মর্টারশেলটিকে নিষ্ক্রিয় করবে। তবে শেলটি নিয়ে ফুলবাড়ি এলাকায় আতঙ্ক ছড়ায়।
Advertisement
প্রাথমিক তদন্তে পুলিস জানতে পেরেছে,ওদলাবাড়ি থেকে বালি-পাথর তুলে এনে ওই এলাকায় মজুত করা হয়েছিল। সেই বালির ভিতরেই ছিল মর্টার শেলটি। খুব স্বাভাবিকভাবেই ঘটনার পর থেকে অতীতে তিস্তায় চরে মর্টার শেল উদ্ধারের ঘটনা ও শিশুমৃত্যুর কথাও সকলের মনে ঘুরপাক খাচ্ছে। এলাকার বাসিন্দাদের বক্তব্য, বালি পাথর গাড়িতে লোড করার সময় তা দেখে নেওয়া উচিত ছিল। কারণ, গাড়ির মধ্যেও দুর্ঘটনা ঘটতে পারত।  
এই ব্যাপারে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিসের ডিসিপি (পূর্ব) রাকেশ সিং বলেন, আমরা সেনাবাহিনীকে খবর দিয়েছি। ওদলাবাড়ির তিস্তার চর থেকে ওই মর্টারশেলটি এসেছিল বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি। সেনাবাহিনীর কর্তারা ওই সেলটি নিষ্ক্রিয় করবেন।  
প্রসঙ্গত, মালবাজার মহকুমার ক্রান্তিতে একটি মর্টারশেল নিয়ে খেলার সময়ে বিস্ফোরণে মৃত্যু হয়েছিল দুই শিশুর। এলাকার একটি ছেলে নদীতে মাছ ধরতে গিয়ে খেলনা ভেবে সেটি বাড়িতে নিয়ে এসেছিল। সেটি পরিষ্কার করে খেলাধুলো করার সময় বিস্ফোরণ হয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় দুই শিশুর। আহত হয়েছেন ছ’জন। সেই ঘটনার স্মৃতি এদিন আবার ফিরে আসে। মর্টার শেলটি দেখার পর নিজেদের নিরাপদ দূরত্বে সরিয়ে নিতে ব্যস্ত হয়ে যান এলাকাবাসী ও ওই এলাকায় কর্মরত শ্রমিকরা। পুলিস ও মর্টারশেলটিকে ঘিরে ফেলে সমস্ত কাজ বন্ধ করে দিয়েছে। এলাকায় সকলের প্রবেশ নিষেধ করা হয়েছে। 
বালিপাথরের মধ্যে পড়ে রয়েছে মর্টার শেল। - নিজস্ব চিত্র।
Advertisement
সম্পর্কিত সংবাদ